মাদাম তুসোয় জাকারবার্গের মোমের মূর্তি

খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে মাদাম তুসো জাদুঘরের নতুন শাখায় ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জাকারবার্গের মোমের মূর্তি স্থান পেতে যাচ্ছে। ২৬ জুন থেকে জাদুঘরটির নতুন শাখাটি যাত্রা শুরু করছে। মার্কিন গায়িকা রিয়ান্না ও হলিউডের অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর পাশে ঠাঁই পাচ্ছে তাঁর মোমের মূর্তিটি।
জাকারবার্গের মোমের মূর্তিটিকে হুবহু বাস্তবের জাকারবার্গের মতো করেই তৈরি করা হয়েছে। হুডি পরিহিত জাকারবার্গ পায়ের ওপর পা তুলে একটি চেয়ারে বসে রয়েছেন। তাঁর হাতে রয়েছে অ্যাপলের ম্যাকবুকসদৃশ একটি ল্যাপটপ। সম্প্রতি এক খবরে জাকারবার্গের মোমের মূর্তির এমন বর্ণনাই দিয়েছে টাইম অনলাইন।
কাজেই এরপর যখন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো বে এরিয়াতে যাবেন, জাকারবার্গকে একনজর দেখে আসবেন বা তাঁর সঙ্গে সাক্ষাত্ করে আসতে পারবেন। বাস্তবের জাকারবার্গকে না পেলেও হুবহু তাঁর মতোই মোমের মূর্তিটিকে একনজর দেখার সুযোগ নিশ্চয়ই হবে।