মাধ্যমিক কম্পিউটার শিক্ষা\ দাম: ২০০ টাকা\ পৃষ্ঠা: ২৭৪\ প্রকাশক: অঙ্কুর আইসিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ঢাকা\‘সবার জন্য বাংলায় কম্পিউটার’ স্লোগান নিয়ে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন অঙ্কুর আইসিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এআইডিএফ)। ভাষা ও সংস্কৃতির সঙ্গে মিল রেখে মুক্ত সফটওয়্যারের স্থানীয়করণের (লোকালাইজেশন) করছে প্রতিষ্ঠানটি। নবম-দশম শ্রেণীর পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত পাঠ্যক্রম অনুসারে এআইডিএফ প্রকাশ করেছে ‘মাধ্যমিক কম্পিউটার শিক্ষা’ বই। সহজভাবে বাংলায় কম্পিউটার শেখার ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে বইটিতে। ১৭টি অধ্যায়ে রচিত বইটিতে আলাদাভাবে রয়েছে কম্পিউটার ও কম্পিউটারের ইতিহাস, কম্পিউটার সফটওয়্যার, ওয়ার্ড প্রসেসিং, ডেটাবেস, কম্পিউটার প্রোগ্রামিং ইত্যাদি। রয়েছে ব্যবহারিক অংশ। যেখানে অপারেটিং সিস্টেম, অফিস সফটওয়্যার গুচ্ছ, পাইথন প্রোগ্রামিং ইত্যাদি বিষয়ে রয়েছে সচিত্র বর্ণনা। বিভিন্ন রঙের পাতা দিয়ে তৈরি বইটিতে রয়েছে কম্পিউটারবিষয়ক শব্দকোষ। ছবির সঙ্গে বিস্তারিত বর্ণনার মাধ্যমে সহজেই শিক্ষার্থীরা কম্পিউটার শেখার কাজটি করতে পারবে। ঝকঝকে ছবি আর উন্নত কাগজে ছাপা এ বইয়ে প্রতিটি প্রয়োজনীয় লেখার সঙ্গে রয়েছে আলাদা ছবি। নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উপযোগী বইটি সহজে কম্পিউটার শেখার ক্ষেত্রে সহযোগিতা করবে। বিস্তারিত জানা যাবে www.ankur.org.bd ঠিকানার ওয়েবসাইটে। —নিজস্ব প্রতিবেদক