মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতা

দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছে অনলাইন জাজিং সিস্টেম কোডমার্শাল এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়াক (বিডিওএসএন)। সম্প্রতি এই দুটি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের অনলাইনে কোডিং পরীক্ষায় অভ্যস্ত করে তোলার জন্য একটি উদ্যোগ নিয়েছে।
আয়োজকেরা জানিয়েছেন, ১৮ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে প্রথম প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।
কোড মার্শালের প্রধান সমন্বয়কারী, আন্তর্জাতিক কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতার অন্যতম বিচারক মাহমুদুর রহমান জানান, ‘সরকারের আইসিটি বিভাগ এই বছর থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করছে। আমরা মনে করি, এটি একটি বিশাল পদক্ষেপ। কোডমার্শাল প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কাজে শিক্ষার্থীদের এই প্ল্যাটফরমে অভ্যস্থ করে তোলার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি।’
মাহমুদুর রহমান আরও জানান, ‘মাধ্যমিক প্রতিযোগিতার আগ পর্যন্ত আমরা নিয়মিতভাবে এই অনলাইন প্রতিযোগিতার আয়োজন করে যাব। সব শিক্ষার্থীরা এই অনলাইন প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিটি অনলাইন প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারীকে পুরস্কৃত করা হবে।’
এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নিন্মের ওয়েব ঠিকানায় যেতে হবে-https://algo.codemarshal.org/contests/nhspcdemo1