মান যায় যাক, মোবাইলে ব্যাংকিং তথ্য যেন না যায়!

স্মার্টফোনে থাকা অশ্লীল ছবি সবার সামনে রাখতে রাজি হলেও অধিকাংশ ম্মার্টফোন ব্যবহারকারী ব্যাংকিং তথ্য প্রকাশ করতে নারাজ। বিশ্বের অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান অ্যাভাস্ট সফটওয়্যার সম্প্রতি ১১টি দেশে জরিপ চালিয়ে এ তথ্য জানিয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট আরসটেকনিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অ্যাভাস্টের টেলিফোন জরিপে ২৩ হাজার ৫০০ জন স্মার্টফোন ব্যবহারকারী অংশ নেন। জরিপে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ ব্যাংকিং তথ্য গোপন রাখার বিষয়ে সবচেয়ে সচেষ্ট থাকেন। জরিপে অংশ নেওয়া মার্কিন নাগরিকদের মধ্যে ৭৭ শতাংশের মত হচ্ছে তাঁরা মোবাইল ফোনে থাকা অশ্লীল বিষয় ঠেকানোর চেয়ে ব্যাংকিং বিষয়ক তথ্য রক্ষায় বেশি সচেষ্ট থাকেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। সেখানকার ৭২ শতাংশের মত হচ্ছে, অশ্লীল তথ্য জানাজানি হয়ে মান যাওয়ার চাইতে ব্যাংকিং তথ্য না গেলেই ভালো। এ ক্ষেত্রে আর্জেন্টিনা, ব্রাজিল ও মেক্সিকোর মানুষের ব্যাংকিং তথ্য সুরক্ষার পক্ষে মত রয়েছে ৫০ শতাংশের।
জরিপে অংশ নেওয়া অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারী মনে করেন, অর্থকড়ির তথ্য প্রকাশ পেলে অধিক সমস্যায় পড়বেন তাঁরা। অবশ্য আর্থিক গোপনীয়তা নিয়ে সচেতন হলেও অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারী তাঁদের ফোন লক করে রাখেন না। বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংকিং তথ্য লক করার চেয়ে ফটো বা ছবির অ্যাপ্লিকেশন লক করে রাখেন তাঁরা। মোবাইল ফোনে সবচেয়ে বেশি লক করে রাখা অ্যাপ্লিকেশনটির নাম মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ। এরপরই রয়েছে ফটো অ্যাপস। তথ্যসূত্র: আইএএনএস।