মানবকল্যাণে কৃত্রিম বুদ্ধিমত্তার যন্ত্র বানালেই পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃত্রিম বুদ্ধিমান সিস্টেম তৈরি করলে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেবে আইবিএম
কৃত্রিম বুদ্ধিমান সিস্টেম তৈরি করলে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেবে আইবিএম

কম্পিউটার বিজ্ঞানের ক্ষেত্রে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টি নিয়ে অনেক প্রযুক্তিপ্রতিষ্ঠান ব্যস্ত সময় কাটাচ্ছে। প্রতিষ্ঠানগুলোর জন্য আরও ব্যস্ত সময় কাটানোর সময় চলে এসেছে।
সম্প্রতি কম্পিউটার নির্মাতা আইবিএম ও এক্সপ্রাইজ নামের একটি অলাভজনক সংস্থা মিলে আন্তর্জাতিক একটি প্রতিযোগিতা আয়োজন করেছেন। এই প্রতিযোগিতার বিজয়ী পাবেন ৫০ লাখ মার্কিন ডলার। প্রযুক্তি উদ্ভাবনকারী প্রতিষ্ঠানগুলোকে নতুন ও মানবজাতির জন্য কল্যাণকর কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন যন্ত্র তৈরি করতে হবে।
প্রতিযোগিতাটির নাম ‘আইবিএম ওয়াটসন এ. আই. এক্সপ্রাইজ: আ কগনিটিভ কম্পিউটিং কম্পিটিশন’। সম্প্রতি কানাডার ভ্যাংকুভারে টিআইডি ২০১৬ সম্মেলনে এই প্রতিযোগিতার ঘোষণা দেয় আইবিএম। আইবিএমের কর্মকর্তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের চিন্তা ভাবনাকে অনেক বড় করতে বলেছেন। এমন কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম বানানোর আহ্বান জানিয়েছেন যা জলবায়ু পরিবর্তন, শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষার মতো বিষয়গুলোতে কাজে লাগবে। ২০১৭ সালে আইবিএমের বার্ষিক ওয়ার্ল্ড অব ওয়াটসন সম্মেলনে প্রকল্পগুলো প্রদর্শন করা হবে। ২০২০ সাল নাগাদ শীর্ষ তিন প্রকল্প নির্বাচন করবে আইবিএম।
কৃত্রিম বুদ্ধিমত্তা কী মানুষের জন্য ভয়ের?

কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জন্য কল্যাণকর নাকি বিপজ্জনক হবে, তা নিয়ে বিতর্ক রয়েছে। মানুষ ও যন্ত্রের যুগলবন্দী যাতে কল্যাণকর হয়, সে লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করেছে আইবিএম। প্রতিযোগিতায় অংশ নেওয়ার নিয়মকানুন এ বছরের মে মাসে জানানো হবে। তবে যাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করতে চান, তাঁরা এক্সপ্রাইজের ওয়েবসাইটে প্রি-রেজিস্ট্রেশন করতে পারবেন।
সূত্র: ডিসকভারি নিউজ।