মানববর্জ্যে সোনা-রুপা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানববর্জ্য থেকে পাওয়া সোনা। মাইক্রোস্কোপের সাহায্যে দেখানো হয়েছে। ছবি: এএফপি।
মানববর্জ্য থেকে পাওয়া সোনা। মাইক্রোস্কোপের সাহায্যে দেখানো হয়েছে। ছবি: এএফপি।

তা হলে দেখা যাচ্ছে মানববর্জ্য সত্যিই অনেক দামি! অন্তত মার্কিন বিজ্ঞানীদের সাম্প্রতিক এ আবিষ্কারের কথা শুনে তাই মনে হবে। গবেষকেরা দাবি করেছেন, মানববর্জ্য বিশেষভাবে পরিশোধন করে সোনা, রুপার মতো মূল্যবান উপাদান পাওয়া সম্ভব, যা ইলেকট্রনিকস ও সংকর ধাতু হিসেবে ব্যবহার করা যাবে। বর্তমানে গবেষকেরা মানববর্জ্য থেকে মূল্যবান ধাতু শনাক্ত করার এবং তা উদ্ধার করার উপায় নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
গবেষকেরা দাবি করছেন, ইলেকট্রনিকসের কাজে ব্যবহৃত মূল্যবান ধাতুর জন্য খোঁড়াখুঁড়ি করার প্রয়োজন কমাবে তাঁদের এই উদ্ভাবন এবং পরিবেশে অনাকাঙ্ক্ষিত ধাতব ছড়িয়ে পড়া রোধ করবে। মঙ্গলবার শেষে যুক্তরাষ্ট্রের ডেনভারে শুরু হওয়া আমেরিকান কেমিক্যাল সোসাইটির ২৪৯ তম ন্যাশনাল মিটিং অ্যান্ড এক্সপজিশনে গবেষণা বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
গবেষকেরা দাবি করেছেন, মানববর্জ্যে যে সোনার মতো মূল্যবান ধাতু রয়েছে তার মূল্য লাখ লাখ ডলার ছাড়িয়ে যাবে। মানববর্জ্য থেকে সোনা বের করা গেলে তা যেমন অর্থকরী হবে, তেমনি পরিবেশও বাঁচানো যাবে।
সোনা উদ্ধারের প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাকৃতিক, জৈব ও রাসায়নিক এই তিনটি প্রক্রিয়া সম্পন্ন করার পর পানি ও জৈব উপাদান পৃথক করা হবে। সেই জৈব উপাদান থেকে মূল্যবান ধাতু সংগ্রহ করার কাজ করছেন স্মিথ ও তাঁর গবেষক দল। এরই মধ্যে পরিশোধিত বর্জ্যের মধ্যে প্লাটিনাম, সোনা, রুপার মতো পদার্থ পাওয়া গেছে বলে বিজ্ঞানীরা দাবি করেছেন। ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করে ক্ষুদ্র এই ধাতব কণাগুলোর অস্তিত্ব বের করা সম্ভব হয়েছে।
যুক্তরাজ্যের জিওলজিক্যাল সার্ভের গবেষক ক্যাথলিন স্মিথ জানিয়েছেন, ‘মানববর্জ্য থেকে ক্ষতিকর কিছু উপাদান সরিয়ে ফেলতে পারলে এই জৈব-পদার্থের বেশির ভাগই আমরা জমিতে ব্যবহার করতে পারব এবং এ থেকে মূল্যবান ধাতু ও অন্য উপাদান বের করতে সক্ষম হব।’