বাংলাদেশের প্রচলিত শিক্ষাব্যবস্থা ও মানবসম্পদ উন্নয়নের জন্য ই-শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা ও প্রযুক্তির সমন্বয়ে দেশের সামগ্রিক উন্নয়নের শক্তিশালী মাধ্যম হয়ে উঠতে পারে প্রায়োগিক ই-শিক্ষাব্যবস্থা। প্রযুক্তিসংশ্লিষ্ট সর্বজনীন শিক্ষাব্যবস্থা প্রবর্তন, গুণগত শিক্ষার ব্যয় কমিয়ে বাজেটে শিক্ষার জন্য বরাদ্দ বৃদ্ধি ও শিক্ষা উপকরণের সর্বাধিক ব্যবহারের দিকে গুরুত্ব দিতে হবে। ঢাকায় গতকাল শনিবার অনুষ্ঠিত ই-শিক্ষা নিয়ে জাতীয় সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশের জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান বলেন, ‘শিক্ষকদের দক্ষতা বাড়ানোর মাধ্যমে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা এবং দেশের প্রতিটি স্কুলে তথ্যপ্রযুক্তির বাস্তব প্রয়োগে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’ সেমিনারে বক্তব্য দেন শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান। মূল প্রবন্ধ পড়েন ম্যাকউইডোন এডুকেশন ইউএসএর প্রতিষ্ঠাতা বদরুল এইচ খান। বক্তারা বলেন, প্রচলিত ই-শিক্ষার বাস্তব প্রয়োগই পারে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর সামাজিক ও মানবসম্পদের উন্নয়নের হাতিয়ার হতে। সভাতে বাংলাদেশে ই-শিক্ষার বাস্তবায়নে একটি শক্তিশালী কাঠামো নির্মাণের পরিকল্পনা ও প্রতিকূলতা নিয়ে আলোচনা করা। আলোচনা সভার শেষ পর্যায়ে বাংলাদেশে ই-শিক্ষার সম্ভাবনা যাচাইয়ের লক্ষ্যে কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। সেমিনারের পৃষ্ঠপোষকতায় ছিল এসিক্স, সিটিসেল জুম আল্ট্রা এবং সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ও প্রথম আলো জবস। —জাহিদ হোসাইন