মানবাধিকার কার্যক্রমে ইন্টারনেটের ভূমিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার রক্ষার ব্যাপারে ইন্টারনেট ভূমিকা বর্তমান সময়ে সবচেয়ে ভালো একটি উপায়। সারা বিশ্বের মানবাধিকার রক্ষায় ইন্টারনেট একটি বড় অস্ত্র হতে পারে এমনই মনে করা হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির মানবাধিকারবিষয়ক সম্মেলনে এ ব্যাপারে আলোচনা করেন বক্তারা। সম্মেলনের আয়োজক ব্রেট সোলোমন বলেন, ‘প্রযুক্তিজগতের উদ্ভাবনের সেরা একটি জায়গা সিলিকন ভ্যালি এবং বর্তমানে এটি একটি ডিজিটাল ব্যবহারের জায়গা। এমন জায়গা থেকেই আমরা বলতে চাই, চিপ তৈরির জন্য যে কোড লেখা হচ্ছে, সেটিও ভালো কিছুর জন্যই হচ্ছে।’ ইন্টারনেটে প্রকৌশলী, উদ্যোক্তা এবং বিভিন্ন নির্বাহী ব্যক্তিরা সামাজিক কার্যক্রমের ক্ষেত্রে মানবাধিকার রক্ষার ব্যাপারে কাজ করতে পারেন বলেও অভিমত দেওয়া হয় সম্মেলনে। এমন কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করতে পারে গুগল, ফেসবুক, স্কাইপ, মজিলা এবং ইয়াহুর মতো প্রতিষ্ঠান। এ ধরনের চিন্তাকে স্বাগত জানিয়েছেন প্রযুক্তিজগতের অনেকেই। ফেসবুকের গ্লোবাল কমিউনিকেশন অ্যান্ড পাবলিক পলিসিবিষয়ক ভাইস প্রেসিডেন্ট ইলিয়ট স্ক্রেজ জানান, আমি মনে করি, আমাদের পূর্ণাঙ্গ জীবনকালীন সময়ে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে ইন্টারনেট দারুণ একটি মাধ্যম। তিনি বলেন, ইন্টারনেটের মাধ্যমে সাধারণ মানুষের কথা এবং তাদের নিজেদের অধিকার রক্ষার ক্ষেত্রে সবার কাজ করা উচিত। একই ধরনের মতামত দিয়েছেন গুগলসহ বিশ্বসেরা বেশ কিছু প্রযুক্তিপ্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরাও। —এএফপি অবলম্বনে কাজী আশফাক আলম