মানসিক চাপ কমাতে ‘স্মার্ট’ পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশ শতকে এসে মানুষের জীবন ব্যস্ত হয়ে পড়েছে। বাড়ি, অফিস-আদালত সবখানেই ব্যস্ততা। এই ব্যস্ততার কারণে মানুষ মানসিক চাপে পড়েছে। এই মানসিক চাপ কমাতে সাহায্য করবে স্মার্ট পোশাক। এই পোশাক তার মালিকের মানসিক অবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি দেহের তাপমাত্রা ও হূদযন্ত্রের স্পন্দনও পরীক্ষা করবে। এই স্মার্ট পোশাকের সঙ্গে যুক্ত থাকবে একটি ডেটাবেস বা তথ্যভাণ্ডার। এ তথ্যভাণ্ডারে আগে থেকেই পোশাকের মালিক সম্পর্কে যাবতীয় তথ্য জমা থাকবে। এই তথ্যভাণ্ডার থেকে পরে পোশাকের মালিকের আবেগীয় পরিস্থিতি বিশ্লেষণ করা হবে। এ ছাড়া এই পোশাকে থাকবে গান শোনা ও ছবি দেখার ব্যবস্থা। পোশাকের মালিককে মানসিক উদ্বেগ থেকে সাময়িক রেহাই দেবে এসব গান ও ছবি। বিভিন্ন ধরনের তারবিহীন সেন্সর দিয়ে এ স্মার্ট পোশাক তৈরি করা হয়েছে। এটি একটি স্মার্টফোনের মাধ্যমে ওয়েবের সঙ্গে সংযুক্ত থাকবে। যখন পোশাকের মালিকের নির্দিষ্ট একটি মানসিক অবস্থা তৈরি হবে, তখন তথ্যভাণ্ডার থেকে তথ্য স্মার্টফোনে যাবে। স্মার্টফোন ওয়েবে সংকেত পাঠাবে। ওয়েব থেকে তখন পোশাকের মালিকের মন ভালো করার জন্য বিভিন্ন গান, ছবি ও প্রোগ্রাম পাঠানো হবে। কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটির গবেষক বারবারা লেনে ও গোল্ডস্মিথ কলেজের ডিজিটাল স্টুডিওর জ্যানিস জেফারিস এই স্মার্ট পোশাক তৈরি করেছেন।—বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান