মানসিক চাপ কাটাতে ঘোড়া!

ঘোড়ার পিঠে চড়া অথবা প্রাণীটির দেখাশোনা করার মধ্য দিয়ে তরুণ-তরুণীরা মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারে। যুক্তরাষ্ট্রের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। এ-সংক্রান্ত একটি প্রতিবেদন আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের হিউম্যান-অ্যানিমেল ইন্টারেকশন বুলেটিন সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
গবেষণায় দেখা যায়, অল্পবয়সী যেসব তরুণ-তরুণী ঘোড়া নিয়ে সময় কাটায়, তাদের শরীরে মানসিক চাপের জন্য দায়ী হরমোনের মাত্রা কমে। গবেষকেরা ১৩০ জন তরুণ-তরুণীর লালা সংগ্রহ করে তাতে একটি নির্দিষ্ট (স্ট্রেস) হরমোনের মাত্রা পরীক্ষা করেন। বিদ্যালয়ে তারা সবাই ১২ সপ্তাহব্যাপী অশ্বচালনবিষয়ক একটি কোর্সে অংশ নিয়েছিল। সেখানে ঘোড়ার পিঠে সপ্তাহে অন্তত দেড় ঘণ্টা চড়তে হয় তাদের।
ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির গবেষক প্যাট্রিসিয়া পেন্ড্রি বলেন, অশ্বচালন কোর্সের ছাত্রছাত্রীদের শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা উল্লেখযোগ্য পরিমাণে কম পাওয়া যায়। তাদের লালার নমুনা বিশ্লেষণ করে পরীক্ষাটি সহজেই সম্পন্ন করা হয়েছে।
আগেও একাধিক গবেষণায় দেখা যায়, কুকুর, ঘোড়া ও বিড়ালজাতীয় প্রাণীর সাহচর্যে শিশু-কিশোরদের আত্মপ্রত্যয় বৃদ্ধি পায় এবং মানসিকতার উন্নতি ঘটে। টেলিগ্রাফ।