মানসিক রোগের তালিকায় ইন্টারনেট আসক্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার বা ইন্টারনেটে আসক্তি মানসিক রোগ হিসেবে আন্তর্জাতিকভাবে তালিকাভুক্ত হচ্ছে। আন্তর্জাতিক সাইকিয়াট্রিক ডায়াগনস্টিক ম্যানুয়ালের (ডিএসএম) নতুন সংস্করণে ‘ইন্টারনেট ইউজ ডিজ-অর্ডার’কে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তবে শর্ত থাকছে, বিষয়টি নিয়ে আরও গবেষণা করা প্রয়োজন। ২ অক্টোবর এ তথ্য জানিয়েছে ফোর্বস অনলাইন।‘ইন্টারনেট ইউজ ডিজ-অর্ডার’ প্রসঙ্গে গবেষকদের ভাষ্য, যাঁরা দীর্ঘসময় ইন্টারনেটের সামনে সময় কাটান এবং তা আসক্তির পর্যায়ে চলে যায়, তাঁদের ক্ষেত্রে ইন্টারনেট ইউজ ডিজ-অর্ডারের উপসর্গ দেখা দিতে পারে। এ আসক্তি মাদক বা অন্যান্য আসক্তির মতো। তাই ইন্টারনেটে আসক্তি নিরাময়ে গবেষকদের আরও গবেষণা করা প্রয়োজন।এক খবরে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘সানহেরাল্ড’ জানিয়েছে, ২০১৩ সালের মে মাসে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিক্যাল ম্যানুয়াল অব মেন্টাল ডিজ-অর্ডার বা ‘ডিএসএম-ফোর’-এ ইন্টারনেটে আসক্তিকে মানসিক রোগ হিসেবে তালিকাভুক্ত করা হবে। মুঠোফোন, ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটারসহ আধুনিক প্রযুক্তির যন্ত্র ব্যবহারকারীরা এ রোগের আওতায় পড়বে।অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞরা ধারণা করেন, গত এক দশকে স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এ ধরনের আসক্তি বেড়েছে। সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষক মাইক কাইরোস এ প্রসঙ্গে জানিয়েছেন, ইন্টারনেট ইউজ ডিজ-অর্ডার বিষয়ে গবেষণা যখন সম্পন্ন হবে, তখন চিকিত্সকেরা এর উপযুক্ত চিকিত্সা করতে পারবেন। এই সমস্যাকে মানসিক রোগের তালিকাভুক্ত করায় এ বিষয়ে সঠিক চিকিত্সার পথ পাওয়া যাবে।মনোবিদেরা জানিয়েছেন, ইন্টারনেট ইউজ ডিজ-অর্ডারের গুরুতর ভুক্তভোগী শিশু ও তরুণেরা। ইন্টারনেট ইউজ ডিজ-অর্ডারের ফলে তারা হতাশা ও বিষণ্নতায় ভুগতে শুরু করে, যা তাঁদের জন্য বিপদের কারণ হতে পারে।প্রযুক্তির ব্যবহারে ভারসাম্য বজায় রাখার পরামর্শ দিয়েছেন গবেষকেরা।