মানুষ উপকৃত হয়, এমন অ্যাপস বানাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা

বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী দেড় ঘণ্টা ধরে বিশেষজ্ঞদের কণ্ঠে শুনলেন অ্যাপসবিষয়ক নানা খুঁটিনাটি তথ্য। অ্যাপসের মাধ্যমে কীভাবে দেশ ও জাতিকে বদলে দেওয়া যেতে পারে, সে ধারণাও দেওয়া হয় শিক্ষার্থীদের। ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা-২০১৫ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। মানুষ উপকৃত হয়, এমন অ্যাপস শিক্ষার্থীদের বানানোর জন্য সেমিনারে পরামর্শ দেন বক্তারা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মিলনায়তনে গতকাল মঙ্গলবার আয়োজিত সেমিনারে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শ্যামসুন্দর সিকদার বলেন, বাংলাদেশে তথ্যপ্রযুক্তিতে দক্ষ লোকের অভাব রয়েছে। সে জায়গাগুলো তরুণ প্রজন্মকে পূরণ করতে হবে। চেষ্টা ও আত্মবিশ্বাস থাকলে লক্ষ্যে পৌঁছা সম্ভব। নিজেকে দেশগড়ার কাজে লাগাতে হবে। সভাপতির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আমিনুল হক ভূইয়া বলেন, বাংলাদেশ নতুন যুগের দিকে অগ্রসর হচ্ছে। সেখানে ইএটিএল ও প্রথম আলো নেতৃত্ব দিচ্ছে। শিক্ষার্থীদের সুন্দর ও ভালো অ্যাপস তৈরির চিন্তা বাস্তবায়নের মাধ্যমে দেশ তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ হবে। বাংলাদেশও বিশ্বের মধ্যে ভালো জায়গা করে নেবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধান অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক শহীদুর রহমান। সেমিনারে আরও বক্তব্য দেন প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান, ইএটিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ ও মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের করপোরেট হেড মাহমুদ হাসান। মুহম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘প্রতিযোগিতাটি দেশের জন্য ভালো কাজ করার একটি সুযোগ। এর মাধ্যমে তোমরা আমাদের দেশের উন্নয়নে অনেক অবদান রাখতে পারবে।’ শহীদুর রহমান বলেন, অ্যাপস প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের ধারণা বাস্তবায়ন, সবচেয়ে বেশি মানুষের কাছে যাওয়া ও বাংলা ভাষাকে অন্য উচ্চতায় নিয়ে যেতে শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ হিসেবে হাজির হয়েছে। এম এ মুবিন খান বক্তৃতায় বলেন, একটি আইডিয়া সমাজ, দেশ ও বিশ্বকে পরিবর্তন করে দিতে পারে। এই বিশ্ববিদ্যালয় থেকে এমন একটি আইডিয়া চাই, যা বাংলাদেশকে বদলে দেবে। নিজাম উদ্দিন আহমেদ বলেন, মোবাইল ব্যবহারের মাধ্যমে যে ধারণা মানুষের কাজে লাগবে, অর্থনীতিতে অবদান রাখবে, সে অ্যাপসগুলো তৈরি করার ক্ষেত্রে মনোযোগী হতে হবে। মুনির হাসান শিক্ষার্থীদের অ্যাপস তৈরির নানা কৌশল উপস্থাপন করে বলেন, ‘এমন কিছু ভাবো এবং অ্যাপ্লিকেশন বানাও, যাতে মানুষ উপকৃত হয়।’ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ধারণাপত্র জমা দেওয়ার সময় আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সেমিনারে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষকেরাও উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার বিস্তারিত: www.eatlapps.com । —সিলেট অফিস