তথ্য খোঁজার কিছু সেবা আছে, যেগুলোর কাজই হলো ওয়েবে বিশাল জগৎ থেকে শুধু মানুষের তথ্য তালাশ করা। কিছু ক্ষেত্রে মানুষজন খোঁজার ক্ষেত্রে এ ফলাফল গুগলের থেকেও বেশি কার্যকর। ব্যক্তি খোঁজার এ কাজটি পিপল ওয়েবসাইট (www.pipl.com) থেকেই শুরু করা যেতে পারে। ওয়ার্ল্ডওয়াইড ওয়েবের এখানে-সেখানে ছড়িয়ে থাকা এলোমেলো তথ্য থেকে সঠিক ব্যক্তিকে খুঁজে পেতে অর্থপূর্ণ প্রোফাইলের তালিকা তৈরি করে ফলাফল দেখায় এই সার্চ ইঞ্জিন। সাইটটিতে গিয়ে ব্যক্তির নাম, ই-মেইল ঠিকানা, ইউজার নাম বা ফোন নম্বর—এ রকম যেকোনো তথ্য ও ব্যক্তির অবস্থান বা লোকেশন লিখে সার্চ করলে ওয়েবের একেবারে ভেতর থেকে তথ্য খুঁজে বের করে আনে, যেটা প্রচলিত সার্চ ইঞ্জিনে ভালো না-ও হতে পারে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল, পেশাগত নথি, সংবাদ, অপরাধ-সংক্রান্ত তথ্য, আদালতের তথ্য, প্রকাশনা, ব্লগসহ আরও অনেক মাধ্যম থেকে সবচেয়ে বেশি মিলে—এমন সম্ভাব্য কিছু ফলাফল এনে দেয় পিপল ডটকম। পাশাপাশি ব্যক্তির ছবিও ফলাফলে চলে আসে। ফলাফলের ব্যাপ্তি কমাতে বয়সসীমা উল্লেখ করে অনুসন্ধান চালানোর সুযোগও রয়েছে এতে।
আরেকটি ওয়েবসাইট হলো www.123people.com। মানুষজন খোঁজার ক্ষেত্রে এই সাইটটিরও আওতা অনেক বিস্তৃত। ব্লগ, পাবলিক প্রোফাইল, ই-মেইল, ছবি, ওয়েব ঠিকানা ইত্যাদি অনুসন্ধান করে সঠিক ব্যক্তি খোঁজে বের করার সম্ভাবনা বাড়িয়ে দেয় ওয়ানটুথ্রি পিপল ডটকম। এর আরেকটা সুবিধা হলো ই-মেইল সতর্কবাতা, কোনো নির্দিষ্ট ফলাফল অনুসন্ধানে পরিবর্তন এলে সেটি জানিয়ে দেবে। —মঈন চৌধুরী