মূলভাব অংশ-৫
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ৭নং প্রশ্ন ‘অনুচ্ছেদ বা কবিতাংশটুকুর মূলভাব লেখো’ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। প্রশ্নের নম্বর থাকবে ৫।
১৩.
মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে। কী করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায়, শিখছে সেইসব কায়দা-কানুন। ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব। হাজার রকমের প্রাণী, অসংখ্য পাখপাখালি। বেশ শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো।
দিন আসে, দিন যায়। একদিন শেয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায়। লেজ গুটিয়ে, হাঁটু মুড়ে হাতিকে লম্বা একটা সালাম দিয়ে বলল, আপনিই তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী। আপনিই আমাদের রাজা, সবাই এ কথা জানে। ওই দেখুন, নদীর ওপারে সবাই উদগ্রীব হয়ে বসে আছে। আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায়।
মূলভাব: এক জঙ্গলে সব পশুপাখি শান্তিতেই ছিল। হঠাৎ করে এক বড় হাতি এসে বন কাঁপিয়ে তুলকালাম কাণ্ড বাঁধায়। বনের সকল পশু তার ভয়ে অস্থির। বনের সব পশুরা হাতিকে শায়েস্তা করতে দায়িত্ব দেয় শেয়ালকে। শেয়াল চালাকি করে হাতিকে চোরাবালিতে ফেলে দেয়। হাতি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করল। কিন্তু কেউ তাকে বাঁচাতে এলো না।
১৪.
মুক্তিযোদ্ধাদের সম্মিলিত আক্রমণে পাকিস্তানিদের সাতটি স্পিডবোটই ডুবে গেল। অনেকে মারা গেল। বাকি লঞ্চ দুটো থেকে গোলাবর্ষণ আর গুলি ছুড়তে ছুড়তে তারা পিছু হটতে থাকল। এ রকম মুহূর্তেই হঠাৎ একটা গোলা এসে পড়ল তাঁর ওপর, তিনি শহিদ হলেন। বীরের পবিত্র রক্তস্রোতে রঞ্জিত মাটি, অর্থাৎ রাঙামাটির বোর্ড বাজারে অন্তিম শয়ানে শায়িত আছেন বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ।
বাংলার রক্তরঞ্জিত মাটিতে পড়ে রইল তাঁর নিথর দেহ। নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ সেদিন এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। অসীম সাহসী এই বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জন্ম ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি তারিখে নড়াইলের মহেশখালী গ্রামে।
বাংলাদেশ আজ মুক্ত। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি। বুঝতে অসুবিধা হয় না, এই অর্জন খুব সহজে ঘটেনি। লক্ষ প্রাণের বিনিময়ে আমরা দেশমাতৃকাকে মুক্ত করেছি। বীরের পূত-পবিত্র রক্তস্রোত আর মাতার অশ্রুধারায় স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে বাংলাদেশের।
মূলভাব: লাখো প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, মোস্তফা কামাল ও মুন্সী আব্দুর রউফ আত্মত্যাগ করেছেন দেশের জন্য। যাদের আত্মত্যাগের ফলে আমরা স্বাধীনতা পেয়েছি তারা মুক্তিযুদ্ধের বীর সেনানী। এসব বীরের রক্তেই প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীন বাংলাদেশ।
শিক্ষক, আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল