মঙ্গলের ডাক পেয়েছে মানুষ। আর যে দুটি মহাকাশযানে মানুষ মঙ্গলে যাবে, সেগুলোর পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে যাচ্ছে আগামী বছরের শুরুতেই। অভিযান হবে একমুখী, অর্থাৎ এসব যান আর পৃথিবীতে ফিরে আসবে না এবং অভিযাত্রীদের মঙ্গলেই থাকতে হবে সারা জীবন। দুটি পৃথক অভিযানের একটি হচ্ছে সরকারিভাবে, অপরটি বেসরকারি অর্থায়নে। তবে এসব অভিযানের লক্ষ্য একটিই, মঙ্গলের মাটিতে মানুষের বসতি শুরু করা।
২০১৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা মানুষবাহী একধরনের প্রকোষ্ঠের (ক্যাপসুল) পরীক্ষা চালাবে। ওরিয়ন নামের ওই ক্যাপসুল মহাকাশযানে করে পৃথিবীর চারপাশে চার ঘণ্টা রাখা হবে। একই সঙ্গে ওরিয়নের নকশা এমনভাবে করা হয়েছে, যেন অভিযাত্রীরা এতে দীর্ঘ মহাকাশযাত্রার ঝক্কি সামলে নিতে পারেন। তবে ওরিয়নের অভিযান ও উত্তপ্ত অবস্থায় টিকে থাকার ক্ষমতা আগামী সেপ্টেম্বরেই প্রমাণিত হবে।
নাসার গবেষকেরা আশা করছেন, সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ওরিয়নের পরীক্ষায় কোনো মানুষ ব্যবহার করা না হলেও এটির সামর্থ্য যাচাই করা যাবে। সবকিছু ঠিক থাকলে ২০২১ সালে এটি মানুষ নিয়ে চাঁদের কক্ষপথ পরিভ্রমণে যাবে। ২০২৫ সালে এটি ঘুরে আসবে একটি গ্রহাণু। আর মঙ্গলে মানুষ নিয়ে যাত্রা করবে ২০৩০ সালে।
এদিকে ২০১৪ সালে ফ্যালকন হেভি মহাকাশযানের পরীক্ষা চালানো হবে। ডেনমার্কের একটি বেসরকারি প্রকল্প মার্স ওয়ানের জন্য এটি তৈরি করেছে মহাকাশযান নির্মাণ প্রতিষ্ঠান স্পেস এক্স। ১৩ হাজার কিলোগ্রাম ওজনের মহাকাশযানটি এখন পর্যন্ত মঙ্গলযাত্রার জন্য নির্মিত ও নির্মাণের পরিকল্পনাকৃত মহাকাশযানগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী। তার পরও এই মহাকাশযানে কয়েকজন মানুষ ও তাঁদের প্রয়োজনীয় সবকিছু এক অভিযানে নিয়ে যাওয়া সম্ভব নয়। তবে এটি প্রাথমিক অবস্থায় মানুষের জন্য প্রয়োজনীয় রসদ মঙ্গলে নিয়ে যেতে পারে। এ ছাড়া মঙ্গলের কক্ষপথে স্যাটেলাইটও (কৃত্রিম উপগ্রহ) স্থাপন করতে পারে।
এদিকে ধারণা করা হচ্ছে, নাসা পরবর্তী সময়ে ফ্যালকনের চেয়েও শক্তিশালী মহাকাশযান তৈরি করতে পারে। আর ওই মহাকাশযান মানুষ ও তাদের বসবাসের জন্য প্রয়োজনীয় সবকিছু মঙ্গলে একসঙ্গে নিয়ে যেতে পারবে। নিউ সায়েন্টিস্ট।