কবি বলেছেন, ‘জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে...।’ এই কবিতা এখন আর কেউ পড়ে বলে মনে হয় না। কবিতাটির নতুন ভার্সন এসে গেছে, ‘জন্মিলেও ট্রিট দিতে হবে, মরিলেও ট্রিট দিতে হবে!’ চলুন, দেখা যাক কীভাবে ট্রিটের আলোয় উদ্ভাসিত আমাদের জীবন।

১.
: দোস্ত, সত্যি বলছি, আমার সৌভাগ্য যে এ রকম একটা পরিবারে জন্ম নিয়েছি।
: আংকেল-আন্টির চেয়ে তাঁদের বন্ধুবান্ধবের প্রতি তোর বেশি কৃতজ্ঞ থাকা উচিত। তোর জন্মের আগে আংকেল-আন্টির বিশাল এক ট্রিট দিয়েছিলেন। ফলে বেশি বেশি দোয়াও করেছিলেন তাঁরা। আর সে কারণেই এই পরিবারে জন্ম হইছে তোর!
২.
: দোস্ত, একটুর জন্য গোল্ডেন এ প্লাস মিস হইল রে!
: আগেই কইছিলাম ট্রিট দিতে!
৩.
: দোস্ত, ভার্সিটিতে ভর্তি হব। সামনে অগ্নিপরীক্ষা। দোয়া করিস।
: আগে ট্রিট, পরে দোয়া!

৪.
: মান-ইজ্জতের ফালুদা হয়ে গেল রে, দোস্ত! ভার্সিটিতে উঠে করলাম ফেল! এই সেমিস্টারে একটা কোর্সে কড়া বাঁশ খেয়ে গেলাম রে!
: দুইটা হওয়ার আগে ট্রিট দে!
৫.
: দোস্ত, তানিয়াকে আমার ভালো লাগছে।
: ট্রিট দে, নাহলে কিন্তু তানিয়ার কাছে পাত্তা পাবি না!
৬.
: দোস্ত, প্রেম তো করেই ফেললাম।
: ট্রিট দে, নাহলে টিকবে না!

৭.
: মোটরসাইকেলটা কেনার এক মাসও হইল না, চুরি হয়ে গেল!
: গরিবের কথা বাসি হইলে ফলে! কয়বার কইছিলাম ট্রিট দিতে?
৮.
: মনটা খারাপ রে দোস্ত। তানিয়ার সঙ্গে ব্রেকআপ হয়ে গেল!
: ট্রিট দে, কালকেই আরেকটা প্রেম হয়ে যাবে।
৯.
: বাঁচলাম রে দোস্ত, তানিয়া আবার ফিরে আসছে।
: বুঝতে হবে বন্ধু! সবই ট্রিটের মহিমা! জয়, ট্রিটের জয়!
১০.
: এবার বুঝি প্রিলিতেই আটকে গেলাম রে, দোস্ত।
: ট্রিট দে! নাহলে পরেরবারও আটকে থাকবি!
১১.
: মাম্মা, যে পরীক্ষা দিলাম, অ্যাডমিন ক্যাডার নিশ্চিত!
: ট্রিট দে, নাহলে ভাইভায় আটকায় যাবি!
১২.
: চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছ!
: ওসব বেলাটেলা বাদ দে। ট্রিট দে, আমরা চাই তোদের প্রেমটা পরিণতি পাক।
১৩.
: দোস্ত, জীবন ত্যানাত্যানা হয়ে গেল রে। নতুন বাসায় উঠলাম। একদিন কারেন্ট থাকে না তো আরেক দিন পানি থাকে না...। অসহ্য যন্ত্রণা!
: বাসায় ওঠার পর ট্রিট দিছিলি?
১৪.
: মনে হয় আর বেশি দিন বাঁচব না রে দোস্ত।
: মরার আগে অন্তত ট্রিটটা দিয়া যাইস!