বিসিএসের অনুষ্ঠানে মোস্তাফা জব্বার
মানুষকে কম্পিউটার চেনানোর একক দাবিদার বিসিএস
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘বাংলাদেশের মানুষকে কম্পিউটার চেনানোর একক দাবিদার বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। দেশের তথ্যপ্রযুক্তি খাতের পথিকৃৎ হিসেবে অসাধারণ ভূমিকাও রেখেছে সংগঠনটি। ১৯৯৮ সালে মাত্র ৩৬ জন সদস্য নিয়ে বিসিএস কম্পিউটারের ওপর শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করতে পেরেছিল। বাণিজ্যিক সংগঠনগুলোর মধ্যে এত কম সদস্য নিয়ে জাতীয় দাবি পূরণ করার কৃতিত্ব অন্য কোনো সংগঠনের নেই। যাঁরা পথ দেখায়, তাঁদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। দীর্ঘ ৩৫ বছরের পথচলার স্মৃতিকে সংরক্ষণ করায় বিসিএসের নির্বাহী কমিটিকে ধন্যবাদ। তথ্যপ্রযুক্তিতে বিসিএসের দক্ষ নেতৃত্ব ভবিষ্যতেও কৃতিত্বের স্বাক্ষর রাখবে বলে আমি আশাবাদী।’
গতকাল বুধবার বিসিএস ইনোভেশন সেন্টারে আয়োজিত বাংলাদেশ কম্পিউটার সমিতির ৩৫ বছর পূর্তি উদ্যাপন, ওয়েবসাইটের নতুন সংস্করণ উদ্বোধন ও স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিসিএসের ৩৫ বছর উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. জাবেদুর বলেন, ৩৫ বছর উদ্যাপন স্মরণিকায় বিসিএসের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং প্রযুক্তি খাতে এই সংগঠনের ভূমিকা তুলে ধরা হয়েছে। আশা করছি, এ স্মরণিকা প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য স্মৃতিস্মারক হিসেবে বিবেচিত হবে।
বিসিএসের সভাপতি মো. শাহিদ-উল-মুনীর বলেন, ‘আমরা বিসিএসকে প্রযুক্তি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। বিসিএসের হালনাগাদ ওয়েবসাইটে সদস্য হওয়ার আবেদনের পাশাপাশি সদস্য ফি জমা, নিজ প্রতিষ্ঠানের ওয়েবসাইটের সঙ্গে সংগঠনের ওয়েবসাইটের সংযোগ স্থাপনসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। ৩৫ বছরে দেশের পাশাপাশি সারা বিশ্বেই সুনাম অর্জন করেছে বিসিএস।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিসিএসের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি এস এম কামাল ও বর্তমান মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম। বিসিএসের যুগ্ম মহাসচিব মো. মুজাহিদ আল বেরুনীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিসিএসের নতুন নির্বাচিত কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।