মানুষকে চিনবে মোবাইল ফোন!

কাউকে আগে দেখেছেন কিন্তু এখন তাঁকে ঠিক চিনতে পারছেন না? মোবাইল ফোনের কাছ থেকে সাহায্য নিতে পারবেন। কারণ মোবাইল ফোনে যুক্ত হচ্ছে মানুষ ও বস্তু চেনার বিশেষ প্রযুক্তি। ভবিষ্যতে গুগলের অ্যান্ড্রয়েড সফটওয়্যারচালিত ফোনে এ সুবিধা থাকবে।
ভারতের এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়েছে, গুগলের পরবর্তী স্মার্টফোনসহ ডিজিটাল যন্ত্রগুলোতে মানুষ ও বস্তু চেনার বিশেষ প্রযুক্তি যুক্ত করবে গুগল। সে লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মাউন্টেইন ভিউ ভিত্তিক প্রতিষ্ঠান মোভিডিভাস নামের একটি প্রতিষ্ঠানকে অধিগ্রহণ করেছে গুগল। মোভিডিভাস ছবি শনাক্তকরণ প্রযুক্তির চিপ নির্মাতা হিসেবে অধিক পরিচিত।
গতকাল বুধবার গুগলের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে মোভিডিভাস। গুগলের সঙ্গে চুক্তি অনুযায়ী, মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি গুগলকে কৃত্রিম বুদ্ধিমত্তার ডিপ মেশিন লার্নিং ও ভিজুয়াল রিকগনিশন প্রযুক্তি সরবরাহ করবে। এ ছাড়াও মোভিডিভাসের কৈরি এমএ ২৪৫০ নামের বিশেষ প্রসেসর ডিজিটাল যন্ত্রে ব্যবহার করবে গুগল।