মানুষবাহী ড্রোন!

পণ্য পরিবহন অনেকই তো হলো। চালকহীন বিমান বা ড্রোনে করে এবার নাকি জলজ্যান্ত মানুষ পরিবহন করা হবে। যুক্তরাষ্ট্রে এমনই এক ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছে, যা মানুষ পরিবহনে সক্ষম। ‘ইহাং ১৮৪’ নামের এই ড্রোন গত জানুয়ারিতে লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিকস শো—সিইএসে প্রথম দেখানো হয়। ব্যক্তিগত হেলিকপ্টার বললেও কিন্তু একে ভুল বলা হবে না। কোনো রকমে একজন মানুষ এবং সঙ্গে থাকা একটি ব্যাগে এতে এঁটে যাবে।
তবে হেলিকপ্টারে যেমন ওপরে একটি পাখা বা রোটর থাকে, ড্রোনটির বেলায় তা নয়। এর নিচে চারটি রোটর আছে। দূর থেকে নিয়ন্ত্রণ করতে হাতের ট্যাবই যথেষ্ট। ভবিষ্যতে নেভাদার যোগাযোগব্যবস্থার উন্নয়নে এটি ব্যবহার করা হবে। বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে এর পরীক্ষামূলক উড্ডয়ন শুরু হবে।
বিমানটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইহাং জানিয়েছে, এটি চলবে বিদ্যুৎশক্তিতে। মাত্র ২ ঘণ্টার চার্জে একজন যাত্রী ও সর্বোচ্চ ১০০ কেজি পণ্যসহ ২৩ মিনিট উড়িয়ে নিয়ে যেতে পারবে এটি। আরও বেশি উচ্চতায় এটি ঘণ্টায় ৬৩ মাইল বেগে টানা ১০ মিনিট আকাশে উড়তে পারবে।
এই ট্যাক্সি ড্রোনে চড়ে আকাশে উড়তে হলে নিজের মুঠোফোনের একটি অ্যাপে গন্তব্যস্থানের নাম লিখতে হবে। ড্রোন নিজে থেকেই রাস্তা খুঁজে নিয়ে গন্তব্যস্থানের দিকে এগিয়ে যাবে। নিচে নামার সময় পাখা গুটিয়ে একটি গাড়ির জায়গার সমপরিমাণ জায়গায় এটি অবতরণ করতে পারবে। আকাশে থাকার সময়ে হঠাৎ যদি বিমানে কোনো ধরনের যান্ত্রিক গোলযোগ দেখা দেয়, তবে ঘাবড়ানোর কিছু নেই। স্বয়ংক্রিয়ভাবে এটি কাছের অবতরণকেন্দ্রে নিজে নিজেই নামিয়ে দেবে। আর যোগাযোগের জন্য উন্নত নেটওয়ার্ক-ব্যবস্থাও থাকছে।
চীনা প্রতিষ্ঠান ইহাং ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ৫ কোটি ২০ লাখ ডলার অর্থ সংগ্রহ করেছে। এই মুহূর্তে, ড্রোনটির মাত্র একটি নমুনা তৈরি করেছে তারা। এর উন্নয়ন ও পরীক্ষা-নিরীক্ষার জন্য নেভাদার স্থানীয় সরকারের অনুদানে নেভাদা ইনস্টিটিউট ফর অটোনোমাস সিস্টেমসের সঙ্গে একজোট হয়েছে ইহাং।
সূত্র: দ্য টেলিগ্রাফ