মানুষের আবেগ রোবটে! (ভিডিও)
মানুষের মত আবেগসম্পন্ন রোবট তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন গবেষকেরা। ইতালির পিসা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্সের গবেষকেরা ‘ফেস’ নামে একটি রোবটের নকশা করেছেন, যা রাগ-অভিমান, ভয়-বিরক্তি ও আনন্দ-সুখের মত আবেগ ফুটিয়ে তুলতে পারবে। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস।পিসা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা রোবট নিয়ে তিন দশকেরও বেশি সময় ধরে গবেষণা শেষে ‘ফেস’ রোবট তৈরি করেছেন। এ রোবটটির মুখে ৩২ টি মোটর বসিয়ে দিয়েছেন যা রোবটের মুখভঙ্গিতে তার আবেগের বিভিন্ন ফুটিয়ে তোলে। রোবটটির সঙ্গে মানুষের চেহারারও মিল রয়েছে তাই এর পাশ দিয়ে হেঁটে গেলে সহজে মানুষের সঙ্গে পার্থক্য ধরা পড়ে না।
‘ফেস’ নামের নারীসদৃশ রোবটটিতে হাইব্রিড ইঞ্জিন ফর ফেসিয়াল এক্সপ্রেশন সিনথেসিস (এইচইএফইএস) নামে একটি সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। মানুষ আবেগের সময় কীভাবে আচরণ করে সে বিষয়টির তথ্য সংগ্রহ করে ৩০ বছর ধরে এ সফটওয়্যার তৈরি করেছেন গবেষকেরা।