মানুষের কণ্ঠ জাগাতে কমিউনিটি রেডিও ভূমিকা রাখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্র্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কণ্ঠ জাগিয়ে তুলতে এবং সর্বস্তরের মানুষের তথ্যগত ক্ষমতায়ন ঘটানোর ক্ষেত্রে কমিউনিটি রেডিও কার্যকর ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে কমিউনিটি রেডিও সহায়ক ভূমিকা পালন করবে। গতকাল সোমবার রাজশাহীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত কমিউনিটি রেডিওবিষয়ক বিভাগীয় সংলাপে বক্তারা এসব অভিমত দেন।বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) ও সিসিডির উদ্যোগে এবং ইউএসএআইডি ও প্রগতির সহায়তায় আয়োজিত এই সংলাপে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার স্বপন কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক মো. দিলোয়ার বখ্ত। বক্তব্য দেন বিএনএনআরসির প্রকল্প সমন্বয়কারী মার্ক মানস সাহা, প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেন ও সিসিডির পরিচালক জি এম মুরতুজা। সংলাপটি সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন মশিহুর রহমান।সংলাপের বিভিন্ন কারিগরি অধিবেশন পরিচালনা করেন বাংলাদেশ বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান এবং বাংলাদেশ কমিউনিটি রেডিও একাডেমির কারিগরি পরামর্শক সোহেল আরঙ্গজেব। এতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও বগুড়া জেলায় কর্মরত বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, কৃষিবিদ, শিক্ষক, সাংবাদিক, আদিবাসী, প্রতিবন্ধী ও পেশাজীবী নেতা এবং কমিউনিটি রেডিও উদ্যোক্তা প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।সংলাপে অংশগ্রহণকারীরা সম্প্রচারিতব্য কমিউনিটি রেডিও ষ্টেশনগুলোকে কার্যকরভাবে পরিচালানার আহ্বান জানান। পাশাপাশি প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও দেশজ সংস্কৃতির পুনরুজ্জীবনের ক্ষেত্রে কমিউনিটি রেডিওর ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ও নানা বিষয়ে পরামর্শ দেন। এ এইচ এম বজলুর রহমান বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। —নিজস্ব প্রতিবেদক, রাজশাহী