মানুষের রাগ বুঝবে মাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্পিউটারের মাউস
কম্পিউটারের মাউস

কেউ রেগে গেলে তাঁর মুখের দিকে তাকিয়ে বা হাবভাব দেখে সহজেই আরেকজন তা বুঝে নিতে পারেন। কিন্তু রেগে যাওয়া কিংবা হতাশা ফুটে ওঠার বিষয়টি যদি কম্পিউটারের মাউস ধরতে পারে? মার্কিন গবেষকেরা বলছেন, মাউস এখন মানুষের রাগ বুঝতে পারবে।
যুক্তরাষ্ট্রের ব্রিগহ্যাম ইয়াং বিশ্ববিদ্যালয়ের গবেষক জেফরি জেঙ্কিনস বলেন, তাঁরা মাউসের জন্য এক ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করছেন, যা মানুষের নেতিবাচক আবেগ যেমন রাগ, হতাশা, দুঃখবোধ ও দোটানার ভাব বুঝতে পারবে। এসব আবেগ প্রকাশের ক্ষেত্রে মানুষের মাউস নড়াচড়া করার ধরনটি পৃথক হয়।
জেঙ্কিনস বলেন, এ প্রযুক্তি ব্যবহারে ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট তথ্য পরিবেশনের পাশাপাশি ব্যবহারকারীর মনোভাব বুঝতে পারবে মাউস। ‘এমআইএস কোয়ার্টারলি’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত নিবন্ধ।
গবেষকেরা বলেন, যখন কোনো ইন্টারনেট ব্যবহারকারীর মন খারাপ থাকে বা তিনি মানসিকভাবে বিপর্যস্ত থাকেন, তখন তাঁর মাউস আর সোজা বা মৃদু বাঁকানো পথে চলে না। বরং তাঁর মাউস তখন অসমতল ও আকস্মিকভাবে চলতে থাকে। এলোমেলো পথে চলতে শুরু করে মাউস। নেতিবাচক আবেগের ক্ষেত্রে মাউস নড়াচড়ার গতিও অনেক ধীর হয়ে পড়ে।
গবেষক জেঙ্কিনস বলেন, অনেকে বলতে পারেন বিপর্যস্ত থাকলে আমি দ্রুত মাউস নড়াচড়া করি। কিন্তু আসলে মানুষ এ সময় মাউস খুব ধীরে চালায়।
গবেষকেরা বলেন, মাউসের কার্সর ট্র্যাকিং করার এই প্রযুক্তিটি মোবাইল ডিভাইসেও ব্যবহার করা সম্ভব হবে, যেখানে ট্যাব ও সোয়াইপ ফিচার মাউসের নড়াচড়ার মতো পরিবর্তন করা যাবে।