মামলায় হেরে ৩০ কোটি ডলার দেবে অ্যাপল
পেটেন্ট মামলায় হেরে যাওয়ায় রয়্যালটি হিসেবে ৩০ কোটি ডলার দেবে অ্যাপল। মার্কিন প্রতিষ্ঠান অপটিস ওয়্যারলেস টেকনোলজিসহ আরও কিছু প্রতিষ্ঠান এ অর্থ পাবে। কারণ হিসেবে বলা হয়েছে, পেটেন্ট স্বত্ব ভঙ্গ করে অপটিসের প্রযুক্তিগুলো আইফোন, আইপ্যাড ও অ্যাপল ওয়াচে ব্যবহার করেছে অ্যাপল। যুক্তরাষ্ট্রের টেক্সাসের আদালতে গত শুক্রবার এ নির্দেশনা দেওয়া হয়।
গত বছর একই মামলায় অপটিস ৫০ কোটি ৬০ লাখ ডলার রয়্যালটি পাবে বলে জানিয়েছিলেন এক জুরি। তবে এপ্রিলে তা বাতিল করে নতুন করে শুনানি আয়োজনের নির্দেশনা দেওয়া হয়।
অপটিস কোনো পণ্য বানায় না। তাদের একমাত্র কাজ হলো কিনে নেওয়া পেটেন্টের জোরে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়া।
অভিযোগে যে পাঁচটি পেটেন্টের কথা বলা হয়েছে, সেগুলো আগে এলজি, প্যানাসনিক ও স্যামসাংয়ের দখলে ছিল। পরে অপটিস স্বত্বগুলো কিনে নেয় বলে জানিয়েছে দ্য রেজিস্টার।
দ্য ভার্জকে অ্যাপলের এক মুখপাত্র জানান, আদালতের এ আদেশে নাখোশ তারা। এখন পুনরায় আবেদনের পরিকল্পনা করছে। তিনি আরও বলেন, ‘অপটিস কোনো পণ্য বানায় না। তাদের একমাত্র কাজ হলো কিনে নেওয়া পেটেন্টের জোরে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়া। তাদের অযৌক্তিক অর্থ আদায়ের চেষ্টার বিরুদ্ধে আমরা লড়াই করে যাব।’