মায়ের ক্লাসে শেখা

পরিবার হচ্ছে মানুষের প্রথম স্কুল। এখানে মা-বাবার কাছে শিশু প্রথম শিক্ষা নেয়। মানুষের হোক আর বন্য প্রাণীর হোক, সন্তান স্বাবলম্বী না হওয়া পর্যন্ত সব মা-ই দেখাশোনা করে। শিকার করে সন্তানদের খাওয়ানো, শত্রু থেকে তাদের রক্ষা করে মায়েরা। আবার ছানাকে বড় হয়ে প্রতিকূল পরিবেশে টিকে থাকার শিক্ষা দেয় মায়েরা। রোজ রোজ স্কুলে যেতে যারা বিরক্ত হও, তাদের বলছি, বন্য প্রাণীরাও স্কুলে যায়। তবে মানুষের মতো তাদের স্কুলে বই-খাতা-কলম লাগে না। প্রকৃতির গাছপালা, ঘাস-মাঠ আর অন্য প্রাণীই তাদের শিক্ষার উপকরণ। আর এ স্কুলে ক্লাসটিচার হচ্ছে স্বয়ং তাদের মা। যেমন সাগরের সিল মাছের কথা দিয়ে শুরু করা যাক। মা সিল সাগরে সাঁতার কাটার সময় ছোট্ট ছানাকে পিঠে রাখে। এভাবেই ছানারা সাঁতার শেখে মায়ের কাছে। সিংহশাবক শেখে কীভাবে শিকার ধরতে হয়। সে জন্য শিকারের সময় শাবকদের সঙ্গে রাখে সিংহী। মায়ের শিকার ধরা দেখতে দেখতে শাবকগুলোও পাকা শিকারি হয়ে যায়। এদিকে কোন ফল খাওয়া যাবে আর কোনটা যাবে না কিংবা স্রোতে দাঁড়িয়ে কীভাবে মাছ ধরতে হয়, সেটা মায়ের কাছেই শেখে ভালুকশাবক। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ থ্রনটন ও ম্যাক অলিফ গবেষণায় দেখেছেন, মিরাক্যাটরা কী খাবে, সেই আদবকেতা ছোট থাকতেই মায়ের কাছে শেখে। দেখতে হাবাগোবা মনে হলেও মিরাক্যাটরা ভয়ংকর শিকারি। শিকার কাবু করতে এরা শিকারের মাথা বা পেটে এলোপাতাড়ি কামড়ায়। ছানারা এ সময় মনোযোগী ছাত্র। এ তাত্ত্বিক ক্লাসের পর শুরু হয় ব্যবহারিক ক্লাস। এ ক্লাসে মা মিরাক্যাট একটা শিকারকে কাবু করে ফেলে, যাতে সে কোনো ক্ষতি করতে না পারে। আমাদের স্কুলে ব্যবহারিক ক্লাসে কোনো প্রাণী ধরে শুরুতেই যেভাবে অজ্ঞান করে রাখা হয়, অনেকটা সে রকম।

বিষাক্ত বিছাপোকা মিরাক্যাটদের প্রিয় খাবার। ব্যবহারিক ক্লাসে বিছাপোকা ধরে প্রথমেই এদের বিষাক্ত হুল ছিঁড়ে ফেলে ছানাদের সামনে দেয় মা মিরাক্যাট। আধমরা এই বিছাপোকার সঙ্গে খেলতে খেলতে শিকারপদ্ধতিও শেখে ছানারা। এভাবেই হাত পাকায় তারা। শিকার মেরে ছানার সামনে রেখে মাংসাশী প্রাণীরাও শাবকদের পরীক্ষা নেয়। এ ক্লাসে উতরে গেলে শুরু হয় দ্বিতীয় পর্বের শিক্ষা। নতুন পর্বে জ্যান্ত শিকার শাবকের সামনে রাখা হয়, যাতে তারা শিকারটি মেরে হাত পাকাতে পারে। শিকারটি যাতে পালাতে কিংবা শাবকদের ক্ষতি করতে না পারে, সে জন্য মা পাহারা দেয়। তাদের শেখাতে আধমরা অ্যান্টিলোপ শাবকদের সামনে রাখে চিতা। সাগরের সিল, সি লায়ন বা মেরু ভালুকশাবকদের মাছ ধরা শেখাতে সাগর থেকে জ্যান্ত মাছ এনে রাখে শাবকের সামনে। খেলতে খেলতেই ঝানু মাছ শিকারি হয় শাবকগুলো। ভোঁদড় পানির নিচ থেকে ঝিনুক ধরে খায়। তবে ভেতরের মাংস খেতে গেলে ঝিনুকের বাইরের শক্ত খোলস ভাঙতে হয়। ভোঁদড়রা তাই পেটের কাছে একটা পাথর নিয়ে পানির নিচে যায়। ঝিনুক ধরে পাথরে ভেঙে পানির ওপর সাঁতরাতে সাঁতরাতে পেটে চালান দেয় তারা। তবে মায়ের কাছে এ বিশেষ কৌশল না শিখলে ছানারা ঝিনুক শিকার করতে পারে না। বাচ্চা তিমিও গভীর সাগরের কোথায় সবচেয়ে ভালো খাবার পাওয়া যায়, তা মায়ের কাছে শেখে। সব তিমিরই সাগরের বিশেষ এক এলাকা দখলে থাকে। তবে ছানা বড় হলে তাদের সেই জায়গাটা উপহার দেয় মায়েরা।

বন্য প্রাণীদের মধ্যে হাতিদের শৈশবকাল বেশ লম্বা। মা হাতিদের বলা হয় সেরা শিক্ষিকা। অনেক প্রাণী শিকার ধরে সহজাত গুণে। তবে মানুষের মতোই হাতিশাবকের সহজাত এ বৈশিষ্ট্য নেই। তারাও দেখে দেখে শেখে। জন্ম নেওয়ার পর হাতিশাবকেরা জানে না, শুঁড়ের কী কাজ। মানুষের বাচ্চা যেভাবে এলোমেলো হাত-পা ছোড়াছুড়ি করে, সেভাবেই হাতিশাবকেরা তাদের শুঁড় নিয়ে খেলা করে। তবে ছয় থেকে আট মাসের মধ্যে তারা শিখে নেয় শুঁড় দিয়ে কীভাবে খেতে বা পানি পান করতে হয়। এদিকে মা পাখিরা তাদের ছানাদের গান গাইতে আর উড়তে শেখায়। আর ঘন ঘাসের ভেতর থেকে ছানাদের খাবার খোঁজার পদ্ধতি শেখায় মুরগি।

কেঁচো শিয়ালের প্রিয় খাবার। মাটিতে কেঁচোর গর্ত খুঁজে পেলে সেখানে নাক ঢুকিয়ে দাঁত দিয়ে কেঁচো টেনে বের করে মা শিয়াল। শিয়ালশাবক পদ্ধতিটি পাশে দাঁড়িয়ে খেয়াল করে। আরেকটি গর্ত পাওয়া গেলে আবারও দাঁত দিয়ে কামড়ে কেঁচোটা টেনে আনে মা শিয়াল। এবার পুরোটা নয়, অর্ধেকটা কেঁচো বের করে শাবকের হাতে দায়িত্ব তুলে দেয় মা। মজার ব্যাপার হচ্ছে, শিয়ালশাবক এত জোরে টান দেয় যে কেঁচো অর্ধেক ছিঁড়ে গর্তে রয়ে যায়, বাকি অর্ধেক তার দাঁতে ধরা থাকে। তাতেই হাল ছাড়ে না মা শিয়াল। শিয়ালশাবক সঠিকভাবে পুরো কেঁচো গর্ত থেকে বের করতে পারা না শেখা পর্যন্ত এই শিক্ষা চলতেই থাকে। এদিকে শক্ত বাদাম পাথরে রেখে গাছের ভারী ডাল দিয়ে কীভাবে ভাঙতে হয়, তা শাবকদের শেখায় মা শিম্পাঞ্জি। শাবকদের দাঁত পরিষ্কারের পদ্ধতিও শেখায় থাইল্যান্ডের বানর। আর গন্ধ শুকে শত্রু চেনা শেখায় বনের হরিণ। এভাবে মায়ের ক্লাসে বন্য প্রাণীরা শেখে অনেক কিছু।