
১৩ থেকে ১৯ বছর বয়সী (টিনএজ) তরুণীরা তাদের মায়ের সঙ্গে প্রায় নিয়মিতই ঝগড়া করে। ব্যাপারটা সব দেশেই যুগ যুগ ধরে ঘটে আসছে বলে আমরা স্বাভাবিক বলেই সাধারণত মেনে নিই। এবার তরুণীদের এ রকম আচরণের জন্য বিশেষ হরমোনের প্রভাবকে দায়ী করেছেন যুক্তরাজ্যের একদল গবেষক। দুই হাজার নারীর ওপর পরিচালিত এক গবেষণার ভিত্তিতে তাঁরা বলছেন, মায়ের মূল্য বুঝতে মেয়েদের অনেকটা বয়স পেরিয়ে যায়। কারণ, তারা হরমোনের সঙ্গে লড়াই করেই ওই সময়টা কাটিয়ে দেয়। মেয়েদের জন্য বিভিন্ন পণ্য উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান লিল-লেটস ওই গবেষণার উদ্যোগ নেয়। এতে দেখা যায়, যুক্তরাজ্যের একজন তরুণী তার মায়ের সঙ্গে বছরে গড়ে ১৮৩ বার ঝগড়া করে। রাগারাগি করে ওই তরুণী দড়াম করে দরজা বন্ধ করে ১৬৪ বার। ভাইবোনের সঙ্গে তার ঝগড়া হয় ২৫৭ বার এবং বন্ধুদের সঙ্গে ১২৭ বার। বন্ধুদের সঙ্গে মেয়েটি ২৭৪ ঘণ্টা ফোনালাপে মগ্ন থাকে। এ ছাড়া সে ছেলেদের সঙ্গে সম্পর্ক নিয়ে কান্নাকাটি করে ১২৩ বার। তার মায়ের সঙ্গে ঝগড়ার কারণগুলোর মধ্যে রয়েছে শয়নকক্ষে আলসেমি, কথায় কথায় তর্কের স্বভাব, বন্ধু বাছাই, ছেলেদের সঙ্গে সম্পর্ক, দেরি করে ঘরে ফেরা, টাকাপয়সার চাহিদা, পোশাকের ধরন, বাজে ভাষার ব্যবহার, অন্য আচরণ প্রভৃতি। গবেষকদের মতে, ২৩ বছর বয়স পেরোনোর পর থেকে একজন নারী বুঝতে শুরু করে যে তাঁর বেড়ে ওঠার পেছনে মায়ের অবদান ও ত্যাগ কতটুকু। গবেষণায় অংশগ্রহণকারী তিন-চতুর্থাংশ নারী মায়ের প্রতি কৃতজ্ঞতা ও ঋণ স্বীকার করেন। মা-মেয়ের বয়সের ব্যবধান অন্তত ২৫ বছর হলেই পারস্পরিক বোঝাপড়াটা সবচেয়ে ভালো হয়। তবে তিন-চতুর্থাংশ নারী মনে করেন, মা-মেয়ের মধ্যে অন্তত কিছু বিষয় গোপনীয় থাকাই উচিত। ৩৬ বছর বয়সী একজন নারী বলেন, তরুণী অবস্থায় মনে হতো, তাঁর সব আনন্দ মা সব সময় কেড়ে নিতে চাইছেন। কিন্তু এখন তিনি বুঝতে পারেন, মা তাঁর কতটা শুভাকাঙ্ক্ষী ছিলেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের সব দূরত্ব ঘুচে গিয়ে অনন্য নৈকট্য গড়ে ওঠে। টেলিগ্রাফ।