
১৯৯৮ সালের ২ মে, স্ট্রোকের ফলে আমার মায়ের বাঁ হাত আর বাঁ পা ছাড়া সম্পূর্ণ শরীর অবশ হয়ে যায়। মা তিন-চারটার বেশি শব্দ উচ্চারণ করতে পারতেন না। কিন্তু সব শুনতেন। বাঁ হাতের ইশারায় কথা বোঝাতে চেষ্টা করতেন। দীর্ঘদিন এ অবস্থায় থাকায় আমরাও মায়ের ইশারা ভাষার প্রায় সবটুকুই বুঝতাম।একসময় তাঁর শরীরের অবস্থা খারাপ হতে লাগল। সারা দিন ঘুমাতেন আর রাতে জেগে থাকতেন। যখন আর খেতে পারছিলেন না, ডাক্তার এসে নাক দিয়ে নল ঢুকিয়ে দিলেন। নলের মাধ্যমেই খাবার দেওয়া হতো। ডাক্তার মায়ের বাঁ হাতটা বেঁধে দিলেন, যেন নল টেনে খুলে ফেলতে না পারেন। মায়ের পাশে সারা রাত বসে থাকতাম। হাতের বাঁধন খুলে দেওয়ার জন্য তাঁর সে কী আকুতি! এক রাত তাঁর আকুতির কাছে হার মেনে হাতের বাঁধন খুলে দিলাম। মা সঙ্গে সঙ্গে টান দিয়ে নল খুলে ফেললেন। দুদিন মাকে কিছুই খাওয়াতে পারিনি। ডাক্তার এসে আবার নল ঢুকিয়ে দিলেন। সে সময় মা যে যন্ত্রণা ভোগ করছিলেন, সেটা কিছুতেই সহ্য হচ্ছিল না। তারপর বুদ্ধি করে হাতের বাঁধনের ওপর লম্বা একটা হাতমোজা পরালাম। মা যখনই হাত খুলে দেওয়ার আকুতি জানাতেন, তখনই হাতমোজাটা খুলে দিতাম। মা টের পেতের না, আসল বাঁধন থেকে যেত। নিজের হাতটা মুক্ত করার কী যে চেষ্টা তাঁর...! প্রতি রাতেই হাত বাড়িয়ে দিতেন। হাতে চুমু খেয়ে বলতাম, কাল খুলে দেব। মা অবাক চোখে আমার দিকে তাকিয়ে থাকতেন।গত ৩১ ডিসেম্বর মা চলে গেলেন পরপারে। মাকে কবরে শুইয়ে দিয়ে বারবার মনে পড়ছিল হাতমোজা খুলে মিছেমিছি বাঁধন খোলার কথা। মনে পড়তে লাগল মায়ের সঙ্গে কী নিষ্ঠুর অভিনয় করে গেলাম! মা, আমায় ক্ষমা কোরো সেই অভিনয়ের জন্য!
মফিজুল হক
জামাল খান, চট্টগ্রাম