মারকাস পেপ্যাল ছেড়ে ফেসবুকে

ইবে ইনকরপোরেশনের পেমেন্ট বিভাগ পেপ্যালকে গত দুই বছর ধরে পরিচালনা করছিলেন ডেভিড মারকাস। সম্প্রতি এই চাকরি ছেড়ে ফেসবুকের মেসেজিং বিভাগের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার ফেসবুক কর্তৃপক্ষ এই বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
মারকাস পেপ্যালের দায়িত্ব ছেড়ে দেওয়ার খবরে ইবের শেয়ারের দাম পড়ে যায়। মারকাসের অধীনে মোবাইল ওয়ালেট তৈরিতে কাজ করছিল পেপ্যাল।
মার্কিন বাজার-বিশ্লেষকেরা ধারণা করছেন, স্ন্যাপচ্যাট, লাইনের মতো মেসেজিং সার্ভিসগুলোর সঙ্গে ফেসবুকের মেসেজিং সার্ভিসের প্রতিযোগিতা বেড়ে গেছে। মারকাসকে নিয়োগের মাধ্যমে ফেসবুক মেসেজিং সিস্টেমে আরও গুরুত্ব দিচ্ছে সে বিষয়টি পরিষ্কার হল। এ ছাড়াও এ বছরের ফেব্রুয়ারিতে এক হাজার ৯০০ কোটি ডলার খরচ করে মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ কিনেছে ফেসবুক।
ফেসবুকের মুখপাত্র ভ্যানেসা চ্যান জানিয়েছেন, মারকাসের জন্য ‘ভাইস প্রেসিডেন্ট অব মেসেজিং প্রোডাক্টস’ নামে নতুন পদ সৃষ্টি করা হয়েছে। ফেসবুকের মেসেঞ্জার সার্ভিস, মোবাইলে মেসেঞ্জার অ্যাপ তাঁর অধীনে থাকবে। তবে হোয়াটসঅ্যাপ দেখবেন না তিনি।
ফেসবুকের তথ্য অনুযায়ী, প্রতিদিন ফেসবুক থেকে এক হাজার ২০০ কোটি বার্তা পাঠানো হয় এবং মেসেঞ্জার অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটিরও বেশি।
বাজার-গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের গবেষক ব্রায়ান ব্লাউ জানিয়েছেন, ‘মেসেজিং সার্ভিসটিকে অর্থ লেনদেনের একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে যাচ্ছে ফেসবুক। রেস্তোরাঁর বুকিং, কনসার্টের টিকিট কেনা প্রভৃতি বিষয়গুলো যাতে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন থেকেই করা যায় তার চেষ্টা করছে ফেসবুক। মারকাসের মতো ই-কমার্স ও মোবাইল লেনদেনের প্ল্যাটফর্মে অভিজ্ঞতাসম্পন্ন একজনকে নিয়োগ দেওয়াটা তারই ইঙ্গিত।’
ফেসবুকে যোগদান প্রসঙ্গে গতকাল সোমবার লিঙ্কডইনে প্রকাশিত এক পোস্টে মারকাস জানিয়েছেন, ‘আবার নতুন ও অর্থবহ কিছু করার জন্য চেষ্টা করব। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ মোবাইল মেসেজিং সম্পর্কে দূরদৃষ্টিসম্পন্ন একটি ধারণা আমাকে দিয়েছেন। এই ধারণা বাস্তবায়নের জন্যই ফেসবুকে যোগ দিতে যাচ্ছি।’