মারদাঙ্গা সিনেমা ধোঁকা দেওয়ার প্রবণতা বাড়ায়!
‘সিনেমার পোকা’ বা ‘বইয়ের পোকা’! আপনার নামের সঙ্গে যদি এই তকমাগুলো লেগে যায় তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা যদি ‘মারদাঙ্গা সিনেমার পোকা’ এই তকমাটি লাগে। কারণ সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে মারদাঙ্গা সিনেমা (অ্যাকশন মুভি) ও হিংসাত্মক বই মিথ্যা বলার কিংবা ধোঁকা দেওয়ার প্রবণতা বাড়িয়ে দেয়।
সম্প্রতি ‘জার্নাল অব বিজনেস এথিকসে’ প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম এনডিটিভি। এতে বলা হয়, গবেষণায় দেখা গেছে, মানুষ সহিংসতার ঘটনা যত বেশি দেখে অন্যকে ধোঁকা দেওয়ার প্রবণতা ততই বাড়ে। এই ধোঁকাটা দেওয়া হয় আর্থিক সুবিধা পাওয়ার জন্য।
গবেষণার জন্য গবেষকেরা প্রায় এক হাজার জনের ওপর বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। একটি পরীক্ষায় কয়েকজন অংশগ্রহণকারীকে একটি কাগজে কয়েকটি বাক্য দিয়ে ভুলগুলো ঠিক করতে বলা হয়। এর মধ্যে অর্ধেক অংশগ্রহণকারীকে এমন কিছু বাক্য দেওয়া হয় যেখানে হিংসাত্মক ভাষা ব্যবহার করা হয়েছে। তাদের বলা হয়েছিল ভুল ঠিক করতে পারুক বা না পারুক সবাইকেই এই কাজের জন্য অর্থ প্রদান করা হবে। তবে পুরোপুরি শুদ্ধ করতে পারলে আলাদাভাবে সেই কাজের পুরস্কার দেওয়া হবে। দেখা গেছে, যেই অর্ধেক অংশগ্রহণকারীর ভাগ্যে হিংসাত্মক বাক্যগুলো পড়েছিল তাঁরা প্রতারণার আশ্রয় নিয়েছেন।
অন্য একটি পরীক্ষায় একাধিক সিনেমার কিছু কিছু দৃশ্য দেখে মূল্যায়ন করার জন্য কয়েকজনকে ভাড়া করা হয়। তাঁদের বলা হয়, সিনেমার দৃশ্যগুলো সম্পূর্ণ দেখা হলে তবেই পুরো টাকা প্রদান করা হবে। গবেষকেরা দেখেন অংশগ্রহণকারীদের মধ্যে যাঁরা মারদাঙ্গা সিনেমার দৃশ্য দেখেছেন বা মূল্যায়ন করেছেন তাঁদের বেশির ভাগই মিথ্যা বলেছেন। দৃশ্যগুলো সম্পূর্ণ না দেখেই বলেছেন সম্পূর্ণ দেখা হয়েছে।
যুক্তরাজ্যের ইউটাহ অঙ্গরাজ্যের ব্রিগহাম ইয়ং বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং সহগবেষক জোশ গাবলার বলেন, ‘আমরা আশা করছি এই পিতা-মাতাদের এবং সমাজকে যে তারা
অভিভাবকেরা বাচ্চাদের কী ধরনের সিনেমা দেখতে বা বই পড়তে দেবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে এ তথ্যগুলো তাঁদের সাহায্য করবে।’