মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে ‘স্মার্টফোন’ ব্যবহারকারীরা!
যুক্তরাজ্যের ‘চার্টার্ড সোসাইটি অব ফিজিওথেরাপির গবেষকেরা সম্প্রতি জানিয়েছেন, অফিস শেষে দিনের বাকি সময়টুকুতে স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপের অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে অধিকাংশ কর্মজীবীকে। অফিসের কর্মীরা রীতিমতো এসব পণ্যের দাস হয়ে পড়ছেন। স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটার ও ল্যাপটপের অতিরিক্ত ব্যবহার ব্যবহারকারীদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এক খবরে বিবিসি এ তথ্য জানিয়েছে।চার্টার্ড সোসাইটি অব ফিজিওথেরাপির পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, অফিসের বাইরে অনিয়ন্ত্রিত ইলেকট্রনিক পণ্যের ব্যবহার ঘাড়ব্যথা বা পিঠ ব্যথার মতো উপসর্গ তৈরি করে। সংস্থাটি দুই হাজারেরও বেশি অফিস কর্মকর্তাদের মধ্যে এক জরিপ চালিয়েছিল।জরিপে দেখা গেছে, অফিসের কাজ শেষেও দুই-তৃতীয়াংশ স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার ও ল্যাপটপে তাদের কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছেন। চার্টার্ড সোসাইটি অব ফিজিওথেরাপির গবেষকেরা দেখেছেন, গড়ে অফিসের বাইরেও স্ক্রিনের সামনে দুই ঘণ্টারও বেশি সময় পার করেন অধিকাংশ কর্মজীবী মানুষ।স্বাস্থ্যঝুঁকি কমাতে অফিসের কাজের বাইরে স্মার্টফোন, ল্যাপটপ বা ইলেকট্রনিক পণ্য বন্ধ রাখার অভ্যাস গড়ে তোলার পরামর্শই দিয়েছেন ‘চার্টার্ড সোসাইটি অব ফিজিওথেরাপির গবেষকেরা।