মার্কিন তিন গণমাধ্যমের সাইটে হামলা
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক পত্রিকা ওয়াশিংটন পোস্ট, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল কেব্ল নিউজ নেটওয়ার্ক (সিএনএন) ও সাময়িকী টাইম-এর ওয়েবসাইটে হামলা চালিয়েছে হ্যাকাররা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনকারী হ্যাকারদের একটি গ্রুপ সিরিয়ান ইলেকট্রনিক আর্মি গত শুক্রবার এই তিনটি ওয়েবসাইটে হামলা চালায়। এসব ওয়েবসাইটের কয়েকটি লিংকে ক্লিক করলে তা চলে যায় আসাদপন্থী হ্যাকারদের সংগঠন সিরিয়ান ইলেকট্রনিক আর্মির ওয়েবসাইটে। এই তিনটি ওয়েবসাইটে যে প্রতিষ্ঠান কারিগরি সহায়তা প্রদান করে, হ্যাকাররা মূলত সেই প্রতিষ্ঠানের সার্ভারে হামলা চালায়। আউটব্রেইন নামের ওই প্রতিষ্ঠান জানায়, হামলার কারণে প্রায় সাত ঘণ্টা তাদের কার্যক্রম বন্ধ ছিল। হামলার পরপরই তারা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। ধারণা করা হচ্ছে, হামলার ফলে এই তিনটি গণমাধ্যমের খুব বেশি ক্ষতি হয়নি। সিরিয়ান ইলেকট্রনিক আর্মি গত কয়েক মাসে বেশ কয়েকটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হামলা চালিয়েছে। তবে এবার হ্যাকারদের এই গ্রুপটির হামলা অন্য হামলাগুলোর চেয়ে আলাদা। হ্যাকাররা এই তিনটি ওয়েবসাইটে হামলা চালানোর পাশাপাশি এসব ওয়েবসাইটের লিংকগুলোকে নিজেদের ওয়েবপেজে ‘রিডাইরেক্ট’ করে নিতে সক্ষম হয়।সিএনএন বিবিসিকে জানায়, হ্যাকারদের হামলার বিষয়টি তারা খুব দ্রুত টের পায়। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তারা দুঃখিত। ওয়াশিংটন পোস্ট-এর ব্যবস্থাপনা সম্পাদক এমিলিও গার্সিয়া রুইজ বলেন, হ্যাকারদের এ হামলা একেবারেই অপ্রত্যাশিত। চলতি সপ্তাহের গোড়ার দিকে সিরিয়ান ইলেকট্রনিক আর্মি নিউইয়র্ক পোস্ট-এর ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে হামলা চালায়। গত বুধবার নিউইয়র্ক টাইমস-এর ওয়েবসাইট কিছুক্ষণের জন্য অফলাইনে চলে যায়। তবে হ্যাকড হওয়ার কারণে নয়, অভ্যন্তরীণ কোনো ত্রুটির কারণে সেটি অফলাইনে যায়। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান