মার্কিন নিরাপত্তা প্রতিষ্ঠানে হ্যাকারদের আক্রমণ
মার্কিন নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান এইচবি গ্যারির ওয়েবসাইটে ‘অ্যানোনিমাস’ নামে একটি হ্যাকার গ্রুপের সদস্যরা হামলা চালিয়েছে। এইচবি গ্যারির প্রধান অ্যারন বার জানান, হামলার পেছনে থাকা ব্যক্তিদের নামের একটি তালিকা বের করা হয়েছে। তবে অ্যানোনিমাসের হ্যাকাররা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ঢুকে পড়ে। এ ছাড়া হ্যাকাররা তাঁর টুইটারের অ্যাকাউন্টও হ্যাক করে।গত ডিসেম্বরে অ্যানোনিমাস উইকিলিকসের সমর্থনে প্রচারণা শুরু করে। এ সময় উইকিলিকসের প্রতি সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় মাস্টারকার্ড ও ভিসাসহ অন্যান্য প্রতিষ্ঠানে হ্যাকাররা হামলা চালায়। এ ঘটনার সূত্র ধরে বিশ্বব্যাপী পুলিশি অভিযান শুরু হয়। এ সময় যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে কয়েক জনকে গ্রেপ্তার করা হয়। অ্যারন বার ফিন্যানশিয়াল টাইমসকে বলেন, তিনি হ্যাকার প্রতিষ্ঠানটিকে চিহ্নিত করেছেন। এ ছাড়া জড়িত ব্যক্তিদের নাম ও ঠিকানা সংগ্রহ করেছেন।হ্যাকারদের আক্রমণের বিষয়টি প্রকাশিত হওয়ার পরপরই অ্যারন বার পেশাগত ও ব্যক্তিগতভাবে হ্যাকারদের আক্রমণের শিকার হন। তাঁর টুইটার অ্যাকাউন্টে বর্ণবাদী ও যৌনকলঙ্কের অসংখ্য ঘটনা দ্বারা পূর্ণ করে দেওয়া হয়। ইতিমধ্যে এইচবি গ্যারির ওয়েবসাইটে অ্যানোনিমাসের হ্যাকারদের দ্বারা আক্রান্ত হওয়ার বিষয়ে একটি বার্তা দেওয়া হয়েছে। —বিবিসি অবলম্বনে আবুলহোসেন