মার্কিন নির্বাচনে ফাটবে ‘টুইটার বোমা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট নেওয়া হবে। আর এ সময়টায় ‘টুইটার বোমা’র বিস্ফোরণ ঘটবে বলে অনেকে ধারণা করছেন। টুইটার বোমা বলতে অসংখ্য টুইটার বার্তা ছড়িয়ে দেওয়ার কথাই বলা হচ্ছে।এই টুইটার বোমা হলো স্প্যাম মেইলের মতো। কেউ টুইটারে টুইট (বার্তা) পাঠালে স্বয়ংক্রিয় কম্পিউটার প্রোগ্রামের সহায়তা নিয়ে পাল্টা টুইট স্রোতের মতো একের পর এক আসতে থাকে। বড় কোনো ঘটনা বিশেষ করে নির্বাচনের সময় স্প্যাম ও টুইট পাঠানোর ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ওয়েলেসলি কলেজের কম্পিউটার বিজ্ঞানী প্যানাজিওটিস মেটাক্সাস বলেছেন, তথ্য অথবা ভুল তথ্যকে ছড়িয়ে দেওয়ার এটি একটি নতুন পদ্ধতি। মেক্সাটাস এ ক্ষেত্রে ২০১০ সালের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনের কথা উল্লেখ করেন। ওই নির্বাচনে এক প্রার্থীর নির্বাচনী শিবির থেকে পাঠানো এক হাজার টুইটে সাড়া দিয়ে ৬০ হাজার গুণ বেশি টুইট এসেছিল। তিনি জানান, প্রেসিডেন্ট নির্বাচনের দিন টুইটার বোমার বিস্ফোরণ ঘটবে বলে মনে করা হচ্ছে। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোর মাধ্যমে এভাবে তথ্য ছড়িয়ে দেওয়া সহজেই সম্ভব। তথ্য ব্যক্তি থেকে ব্যক্তির এবং বিভিন্ন গ্রুপের কাছে পৌঁছায়। এসব তথ্যে অনেকেই বিভ্রান্ত হন। এ ধরনের তথ্য পাওয়ার পর কোন প্রার্থীকে ভোট দেবেন—তা নিয়ে অনেকের মাঝে সংশয় দেখা দেয়। অনেকে শেষ মুহূর্তে প্রার্থী বদলে ফেলেন। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান