মার্কিন নির্বাচনে ভোটিং মেশিন নিয়ে সংশয়
৬ নভেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। বরাবরের মতো এবারও ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়া হবে। তবে এবার ভোট গ্রহণ ও গণনার যন্ত্রগুলো থেকে নির্বাচনের সঠিক ফল পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। আইওয়ার একটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞানী ডগলাস জোনস বলেছেন, ‘আমি নিশ্চিত নই, এসব ভোটিং মেশিন সঠিক ফল দেবে কি না। কেননা ২০০০ সালের পর এসব ভোটিং মেশিনের কোনো হালনাগাদ করা হয়নি। কিছু কিছু ভোটিং মেশিনে প্রায় ১০ বছরের পুরোনো প্রযুক্তি ব্যবহূত হচ্ছে। এগুলোর অবশ্যই হালনাগাদ করা উচিত।’তিনি বলেন, এসব ভোটিং মেশিনের অনেকগুলোয় নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি রয়েছে এবং বেশ কয়েকটি মেশিন ভোট পুনর্গণনা করতে ও শুদ্ধভাবে হিসাব করতে পারে না। জোনস বলেন, ‘যখন নির্বাচন কাছাকাছি চলে আসে তখন ভোটিং যন্ত্রের দুর্বলতাগুলো প্রতীয়মান হয়। কিন্তু সময় স্বল্পতার কারণে তখন আর কিছুই করার থাকে না।’ চলতি বছরের গোড়ার দিকে দুটি প্রতিষ্ঠানের করা এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ২০টি অঙ্গরাজ্যের ভোটিং মেশিনগুলোর হালনাগাদ করা জরুরি।’ইউটাহ বিশ্ববিদ্যালয়ের ভোটিং টেকনোলজি প্রজেক্টের গবেষক টাড হল বলেছেন, ‘ঘূর্ণিঝড় স্যান্ডির কারণেও নির্বাচনের সঠিক ফল পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। স্যান্ডির আঘাতে যুক্তরাষ্ট্রের অনেক জায়গা এখন বিদ্যুৎবিহীন রয়েছে। ভোটের দিন এসব জায়গায় বিদ্যুৎ না এলে ভোটিং মেশিনগুলো চালানোর জন্য ব্যাটারির ওপর নির্ভর করতে হবে। এ ক্ষেত্রে ব্যাটারির চার্জ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অনেকে চাইলেও ভোট দিতে পারবে না।’ —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান