মার্কিন ফার্স্ট লেডিদের জবাবদিহি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪০ বছরে প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী পেল যুক্তরাষ্ট্র। ‘নারীর ক্ষমতায়ন’ বিষয়ে বিশ্বব্যাপী সোচ্চার এ দেশটির জন্য বড্ড দেরি হয়ে গেল না? কেন এত দেরি? যদি জীবিত পাঁচজন ফার্স্ট লেডিকে এ প্রশ্ন করা হয়, তাঁরা কী জবাব দেবেন? ভেবে দেখেছে রস‍+আলো।

রোজালিন কার্টার
রোজালিন কার্টার

রোজালিন কার্টার

আমাকে এ অপবাদ দিতে পারেন না। আমি আইনজীবী ছিলাম। সংসারে দুই পয়সা আমিও রোজগার করেছি। তবে রাজনীতি থেকে দূরে থেকেছি এটা সত্য। জিমি (জিমি কার্টার) রাজনীতি করত, এটাই আমার জন্য ভীষণ টেনশনের বিষয় ছিল। 

ন্যান্সি রিগ্যান
ন্যান্সি রিগ্যান

ন্যান্সি রিগ্যান
রাজনীতি করিনি ঠিক, তবে আমি কিন্তু অভিনয়শিল্পী ছিলাম। আসলে কি, নিজের অভিনয় নিয়ে আমি দারুণ ভাবতাম। আর এ জন্য রূপচর্চার পেছনে বেশ খানিকটা সময় চলে যেত। তবে সময় পেলে রাজনীতি নিয়ে রিগ্যানের সঙ্গে আলোচনা যে করতাম না, তা নয়। তবে ও আমাকে লিপস্টিক, আইলাইনার, মাশকারা—এসব দিয়ে ভুলিয়ে রাখত। এ জন্য আমি অবশ্য ওকে দোষ দেব না। প্রেসিডেন্ট হলেও রিগ্যান তো আসলে একজন আভিনয়শিল্পী ছিল। শিল্পীর কদর বুঝত আর কি।

.
.

বারবারা বুশ
না না, রাজনীতি আমাকে দিয়ে হতো না। এ কথা তো আমি সে সময় ভাবতেই পারিনি। সে সময় স্ত্রীরা থাকতেন ঘরে। আর দশজন স্ত্রীর মতো আমিও ভাবতাম, আমার ছেলে প্রেসিডেন্ট হবে, ওর বাবার মতো। তবে একটা কথা বলে রাখি, এ জন্য শুধু আমাকে দোষ দিলে হবে না। আমার মতো বুশেরও কিন্তু পুত্রসন্তানের প্রত্যাশা ছিল। রাতে শুয়ে শুয়ে কত বলত, ‘দেখো, আমাদের ছেলে হবে। সেই ছেলে একদিন পৃথিবী শাসন করবে।’ সেই দিনগুলো আজ খুব মনে পড়ে।

.
.

লরা বুশ
আজ যুক্তরাষ্ট্রে নারী প্রেসিডেন্ট প্রার্থী পেলাম আমরা, এটা কিন্তু আমাদের চেষ্টার ফল। ডেমোক্রেটিক বলে হয়তো হিলারি এটা স্বীকার না-ও করতে পারেন। কিন্তু আপনারা জানেন যে আমি একজন লেখক। লেখার মাধ্যমে কিন্তু নারীর ক্ষমতায়ন বিষয়টা আসে। নারীর ভাবনাটা বিকশিত হয়। তবে আমি অবশ্য ইচ্ছাকৃতভাবে রাজনীতি থেকে দূরে ছিলাম। কারণ, আমি ছিলাম লেখক, মানবতার পক্ষে। আর আমার স্বামী-শ্বশুর ছিলেন যুদ্ধবাজ, যুদ্ধের পক্ষে। এ নিয়ে তো সংসারে অশান্তি লেগেই থাকত। এসব দেখে কি আর রাজনীতি করার ইচ্ছা জাগে, আপনারাই বলুন?

হিলারি ক্লিনটন
হিলারি ক্লিনটন

হিলারি ক্লিনটন
ছোটবেলা থেকেই আমি রাজনীতি-সচেতন। হ্যাঁ, স্বীকার করছি, যুক্তরাষ্ট্রের ২৪০ বছর লাগল একজন নারী প্রেসিডেন্ট প্রার্থী পেতে। এটা বেশ লজ্জার, জবাবদিহিরও বটে। তারওপর আমরা দুনিয়ার নানা দেশে গিয়ে ‘নারীর ক্ষমতায়ন’ বিষয়ে ফ্রিতে জ্ঞান দিই। তবে আমি চেষ্টা করলে ২৪০ থেকে কিছু বছর কমাতে পারতাম। আরও আগে আমার পক্ষে এটা সম্ভব হয়নি কেন, আপনারা তা জানেন। লুকোনোর কিছু নেই। ক্লিনটন প্রেমিক পুরুষ। ওকে ‘লাইনে’ আনতে আমাকে অনেক সময় ব্যয় করতে হয়েছে। যা হোক, তারপরও আমরা পিছিয়ে নেই। ২৪০ বছর পর হলেও আমরা বাংলাদেশের মতো নারীর ক্ষমতায়নের দিকে এগিয়ে যাচ্ছি! ভাবতেই দারুণ ভালো লাগছে, গর্ববোধ করছি।