মার্কিন সেনাবাহিনীর গায়ে অদৃশ্য পোশাক!
যুদ্ধক্ষেত্রে শত্রুর আক্রমণ থেকে রক্ষা পেতে বা শত্রুকে বিভ্রান্ত করতে ক্যামোফ্লেজ বা ছদ্মবেশ নেন সৈনিকেরা। মার্কিন সেনাবাহিনী যাতে সহজেই ক্যামোফ্লেজ সুবিধা পায় সেজন্য এ ধরনের গবেষণায় অর্থ বিনিয়োগ করছে পেন্টাগন। সম্প্রতি কানাডার গবেষকেরা যুক্তরাষ্ট্র ও কানাডার সেনাবাহিনীর জন্য এমন ধরনের পোশাক তৈরি করছেন যা সহজেই ক্যামোফ্লেজ হিসেবে ব্যবহার করা যাবে। এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, গবেষকেরা মার্কিন সেনাবাহিনীর জন্য কোয়ান্টাম স্টিলথ ক্যামোফ্লেজ নামের এক ধরনের পোশাক তৈরি করছেন। গবেষকেরা জানিয়েছেন, এ পোশাক পরলে সেনাবাহিনীর সদস্যদের বাইরে থেকে আর দেখা যাবে না। অর্থাত্, বৈজ্ঞানিক কল্পকাহিনী বা চলচ্চিত্রে দেখানো দৃশ্যের মতই মানুষের চোখে অদৃশ্য থাকবে পুরো সেনাবাহিনী। গবেষকেদের দাবি, এ পোশাক অনেকটাই জে.কে রাওলিংয়ের লেখা হ্যারি পটারের অদৃশ্য আলখাল্লার মতো, যা রাতের বেলা পরার উপযোগী নাইট-ভিশন চশমাতেও ধরা পড়ে না।কানাডার হাইপারস্টিলথ বায়োটেকনোলজি কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অর্থায়নে এ প্রযুক্তি উদ্ভাবন করেছে। তবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গাই ক্রেমার এ প্রযুক্তিটি এখনই সবার সামনে আনতে চান না। তাঁর দাবি, এ ধরনের পোশাকের উদ্ভাবন নিয়ে কারও যদি সংশয় থাকে তাহলে কিছু করার নেই। যুক্তরাষ্ট্রের সেনবাহিনীর বিশেষ ইউনিট এরমধ্যেই এ পোশাক পরে দেখেছে।হাইপারস্টিলথ বায়োটেকনোলজি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা না হলেও প্রযুক্তি বিশ্লেষকেদের ধারণা, পোশাকের তন্তুর সঙ্গে আলোক তরঙ্গের কারসাজিতে পোশাক পরিধানকারীকে অদৃশ্য দেখায়। হালকা-পাতলা এ পোশাক পরে ক্যামোফ্লেজ ধারণা জন্য আলাদাভাবে ক্যামেরা, কাচ ও ব্যাটারির কোনো প্রয়োজন পড়ে না।