মার্কিন সেনাবাহিনীর গোপন তথ্য ইন্টারনেটে ফাঁস
গোপন তথ্য ইন্টারনেটে ফাঁস করার অভিযোগে ইরাকে এক মার্কিন সেনাকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন সেনাবাহিনী সম্প্রতি এ কথা জানায়। ব্র্যাডলি ম্যানিং নামের ওই সেনা মার্কিন হেলিকপ্টার থেকে হামলার ভিডিওচিত্র ও বেশ কিছু গোপন তথ্য উইকিলিকস ওয়েবসাইটে ছেড়েছেন—এমন খবর প্রকাশের পর তাঁকে গ্রেপ্তার করা হয়। এখন এ অভিযোগের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। ব্র্যাডলিকে এখন কুয়েতে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। দুই সপ্তাহ আগে ইরাকের রাজধানী বাগদাদ থেকে ৪০ মাইল পূর্বে হ্যামারে ফরোয়ার্ড অপারেটিং বেইসের মার্কিন সেনাবাহিনীর অপরাধ তদন্ত বিভাগ ব্র্যাডলিকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের পোটোম্যাকে। গত মাসের শেষ নাগাদ ব্র্যাডলি একজন কম্পিউটার হ্যাকারের সঙ্গে অনলাইনে কথোপকথনের সময় জানান, তিনি মার্কিন হেলিকপ্টার থেকে চালানো একটি হামলার ভিডিও উইকিলিকসে ছেড়েছেন। ২০০৭ সালে বাগদাদে ওই হামলা চালানো হয়। ওই হামলায় বার্তা সংস্থা রয়টার্সের দুজন কর্মীসহ বেশ কয়েকজন নিহত হন। গত এপ্রিল মাসে উইকিলিকস ওই ভিডিও প্রকাশ করে। তবে উইকিলিকস কর্তৃপক্ষ কার কাছ থেকে এ ভিডিওচিত্র পেয়েছে, সে ব্যাপারে মুখ খোলেনি। ব্র্যাডলির বিরুদ্ধে ২০০৯ সালে আফগানিস্তানে চালানো মার্কিন বিমান হামলার ভিডিওচিত্র উইকিলিকসে ছাড়ারও অভিযোগ পাওয়া গেছে। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান