মার্কো লিয়ুসের দায়িত্বে নকিয়া নেটওয়ার্ক বাংলাদেশ

বাংলাদেশে নকিয়া নেটওয়ার্কসের প্রধান হিসাবে যোগ দিয়েছেন মার্কো লিয়ুস। আজ নকিয়া কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। বাংলাদেশে নকিয়া নেটওয়ার্কসের ব্যবস্থাপনা ও কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন ফিনল্যান্ডের এই নাগরিক।
মার্কো ১৯৮৯ সালে নকিয়ায় যোগ দেওয়ার পর থেকে বিক্রয় বিভাগে বেশ কয়েকটি ব্যবস্থাপনা পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সর্বশেষ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নেটওয়ার্কস সিস্টেম সলিউশন এনগেজমেন্টের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছিলেন। নকিয়া নেটওয়ার্কসের এশিয়া অঞ্চলের প্রধান হেরাল্ড প্রেইজের কাছে কাজের অগ্রগতি সম্পর্কে জানাবেন মার্কো।
নতুন পদে তাঁকে স্বাগত জানিয়ে প্রেইজ বলেন, ‘বাংলাদেশে নকিয়ার ব্যবসা আরও এগিয়ে নিতে মার্কো তাঁর কাজের দক্ষতা কাজে লাগাতে পারবেন বলে আশা করি।’
নতুন দায়িত্ব সম্পর্কে বলতে গিয়ে মার্কো লিয়ুস বলেন, ‘আমি বাংলাদেশে সফলভাবে আমাদের ব্যবসায়িক কৌশল ও পরিকল্পনা বাস্তবায়নে চেষ্টা করব। দেশের টেলিযোগাযোগ শিল্পে গ্রাহকদের কাছে আমাদের গ্রহণযোগ্যতা ধরে রাখার জন্য আমি কাজ করে যাব।’
মাইক্রোসফটের কাছে মোবাইল ফোন বিভাগটি বিক্রি করে দেওয়ার পর থেকে নকিয়া এখন মূলত ফিনল্যান্ডের নেটওয়ার্ক অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।