মার্চে আসছে ‘রোবয়’ (ভিডিও)
আর মাত্র কয়েক মাস পর থেকেই দৈনন্দিন কাজে মানুষকে সহায়তা করবে ‘রোবয়’। আগামী বছরের মার্চে হিউম্যানয়েড এ রোবট সবার সামনে নিয়ে আসা হচ্ছে। ১ দশমিক ২ মিটার উচ্চতার এই রোবটটির নকশা করা হয়েছে মানবশিশুর আদলে। অত্যাধুনিক এ রোবটে সংযোজন করা হয়েছে কৃত্রিম পেশি। দৈনন্দিন কাজে সহায়তার পাশাপাশি অসুস্থ রোগী এবং বৃদ্ধদের নানা কাজেও সহায়তা করতে পারবে রোবয়। ২০১৩ সালের মার্চে সুইজারল্যান্ডের জুরিখে ‘রোবটস অন ট্যুর’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রথমবারের মতো জনসমক্ষে আনা হবে রোবয়কে। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে ডেইলি মেইল।
রোবয় তৈরির কাজ চলছে জুরিখ বিশ্ববিদ্যালয়ের কৃত্রিম জিনিসের এক পরীক্ষাগারে। ৪০ জন প্রকৌশলী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দ্রুত এ রোবটকে মানুষের কল্যাণে ব্যবহারের সুযোগ করে দিতে। এ ব্যাপারে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমাদের প্রত্যাশা, এক সময় সেবাদানকারী রোবটের (সার্ভিস রোবট) নীলনকশা হিসেবে উচ্চারিত হবে রোবয়ের নাম। সার্ভিস রোবট হলো এমন ধরনের যন্ত্র, যা নিজস্ব বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে মানুষের দৈনন্দিন কাজ সুচারুভাবে সম্পন্ন করতে পারে। রোবয় এমনই এক যন্ত্র। এটি মানুষের সঙ্গে এক ঘরে বাস করবে বলে নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে সহজেই যেন মানুষ এটিকে ব্যবহার করতে পারে সেদিকেও নজর রাখা হচ্ছে।’