মার্চে নতুন আইফোন

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপল ছোট আকারের ও নতুন নকশার একটি আইফোন বাজারে ছাড়তে পারে। বাজারে জোর গুঞ্জন, নতুন এই আইফোনটির নাম হবে আইফোন ৫ এসই।
চার ইঞ্চি মাপের এই আইফোনটি বিশেষ সংস্করণ হিসেবে মার্চ মাসে বাজারে ছাড়া হতে পারে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইট টু ফাইভ ম্যাক।
অ্যাপল তাদের সাম্প্রতিক মডেলের আইফোনগুলো তুলনামূলকভাবে বড় করেছে। তাই চার ইঞ্চি মাপের বা ছোট আকারের ফোনে ফেরার কারণ হচ্ছে, বাজারে এখনো ছোট আকারের ফোনের চাহিদা রয়েছে। বাজার বিশ্লেষকেরা মনে করেন, ছোট আকারের আইফোনে ফিরে যাওয়ার অ্যাপলের এ সিদ্ধান্ত যেন পুরোনো গ্রাহক প্রযুক্তির দর্শনে ফিরে যাওয়ার মতো ঘটনা। কয়েক দশক ধরে বড় মাপের কম্পিউটার থেকে ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল ও আইপড ন্যানোতে গিয়ে ঠেকেছে। কিন্তু ভিডিওর এই যুগে আবার বড় মাপের স্ক্রিন ও একাধিক টাচ স্ক্রিন যন্ত্রের দিকে ঝুঁকছেন গ্রাহকেরা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিক ডটকমের বিশ্লেষক রায়ান হুইটম্যান বলেন, ছোট পকেট ও ছোট হাতের কিছু মানুষকে অ্যাপলের নতুন আইফোন খুশি করবে। কিন্তু বড় আকারের ফোনের বিক্রি বেশি বলে এর বাজারও রমরমা থাকবে। পরিধানযোগ্য প্রযুক্তিপণ্যের বাজারের কথা মাথায় রেখে আবার ছোট আকারের আইফোনে ফিরেছে অ্যাপল।