মার্বেল দিয়ে ভাগাভাগি
ঢাকা শহরে মার্বেল কিনতে পারাটা সহজ নয়। আমাদের ছোটবেলায় পাড়ার দোকানেই মার্বেল আর ঘুড়ি পাওয়া যেত। মার্বেল খেলাটা আমার খুব প্রিয় খেলার একটি ছিল। তবে, আয়ুব পুরান ঢাকার কোনখান থেকে যেন আমাকে কিছু মার্বেল কিনে দিয়েছে। রুবাই তেমন আগ্রহ না পেলেও বিদুষী সেগুলো নানাভাবে ব্যবহার করে। খেলার জন্য তো বটে, অঙ্ক করার জন্যও।সেদিন ওকে একটি সমস্যা দিয়ে বললাম, আমার কাছে ১৬টি বল আছে। সেগুলো আমি তোমাদের দুই ভাইবোনকে ভাগ করে দিতে চাই। তবে, তুমি যেহেতু ছোট, কাজেই তোমাকে দুইটা বেশি দেব। তা হলে তুমি কয়টা পাবে?কিছুক্ষণ পর বিদুষী এসে বলল আমি নয়টা পাব, বাবা। দেখলাম ওর হাতে কিছু মার্বেল। জানতে চাইলে ও বলল, ‘বাবা, আমি ১৬টা মার্বেল নিয়ে ভাইয়ার কাছে গেলাম। তারপর আমরা মার্বেলগুলো ভাগ করেছি। প্রথমে আমি দুইটা নিয়ে নিলাম। তারপর আমি একটা, ভাইয়াকে একটা এভাবে দিতে থাকলাম। শেষমেশ আমার কাছে থাকল নয়টা আর ভাইয়ার কাছে হলো সাতটা।’বুঝলাম, মার্বেলের কদর বাড়ছে এই বাড়িতে। এরই মধ্যে বাপ-বেটির আলোচনায় যোগ দিয়েছে রুবাই। রুবাইকে দেখে বললাম, ‘বিদুষী মার্বেল দিয়ে যে কাজটা করেছে, সেটা অঙ্কের নিয়মে কেমন করে করতে হবে?’‘তেমন একটা কঠিন হবে না বাবা’, বলল রুবাই। ‘প্রথমে ১৬ থেকে ২ বিয়োগ করতে হবে। পাব ১৪। এখন ১৪কে সমান দুই ভাগে ভাগ করতে হবে। সমানভাবে ভাগ মানে ভাগ করা। সমান দুই ভাগ মানে ২ দিয়ে ভাগ। তা হলে ১৪ ভাগ ২-এ হবে ৭। সেটি আমার ভাগ। আর বিদুষীর ভাগের সঙ্গে ২ যোগ করলে পেয়ে যাব ৯।’ তারপর ও খাতায় করে দেখাল। দেখলাম ঠিকই আছে। ভাবলাম, রুবাইকেও একটি সমস্যা দেওয়া যাক। বললাম, ‘আচ্ছা, ধরো তোমাকে আমি ১৬টি মার্বেল দিয়ে বিদুষীর সঙ্গে ভাগ করতে বললাম। তবে এমনভাবে ভাগ করতে হবে যে বিদুষী তোমার চেয়ে তিন গুণ বেশি পাবে।’ভাইবোনকে বেশি বিচলিত মনে হলো না। বিদুষীর হাত থেকে সব মার্বেল রুবাই নিয়ে নিল। তারপর দেখলাম সে কয়েকবার করে বিদুষীকে মার্বেল দেয়, আর নিজের জন্য সরিয়ে রাখে। হাতের মার্বেল শেষ করে বলল, ‘বাবা, আমার কাছে চারটা আর বিদুষীর কাছে ১২টা। হয়েছে?’বাহ! মার্বেল পদ্ধতি তো ভালোই। রুবাই ব্যাখ্যাটা করল, ‘ভাগ করার সময় প্রথমে আমি একটা নিলাম, বিদুষীকে তিনটা দিলাম। আবার আমি একটা নিলাম বিদুষীকে তিনটা দিলাম। এভাবে হাতের মার্বেল শেষ হয়ে যাওয়ার পর দেখলাম ওর কাছে ১২টা আর আমার কাছে চারটা।’আমি বুঝলাম, ভাগাভাগির ব্যাপার ভাইবোন ভালোই রপ্ত করেছে। ভাবলাম, তা হলে সংখ্যাটি বাড়িয়ে দিই, যাতে মার্বেল দিয়ে করতে না পারে! খাতা-কলমে করতে হয়।বললাম, ‘বেশ। তা হলে আজকে শেষ অঙ্কটা করো। মনে করো দুইটি সংখ্যার যোগফল ১০০। এর মধ্যে একটি অন্যটির তিন গুণ। সংখ্যা দুটি বের করো।’আমি জানি, বিদুষী তো নয়ই, রুবাইও এখনো বীজগণিত শেখেনি। কাজেই দেখা যাক, কীভাবে তারা এটি করে। একটু পরই রুবাই ঘোষণা করল, ‘বাবা, হয়ে গেছে। ছোট সংখ্যাটি ২৫ আর বড়টি ৭৫।’আমি একটু অবাক হয়ে ওর খাতাটা দেখলাম। ওর খাতাটা ছিল এ রকম— একটি সংখ্যা অপর সংখ্যা যোগফল১০ ১০×৩ = ৩০ ৪০২০ ২০×৩ = ৬০ ৮০৩০ ৩০×৩ = ৯০ ১২০দেখা যাচ্ছে, একটি সংখ্যা ২০ হলে যোগফল ১০০-এর কম কিন্তু ৩০ হলে ১০০-এর বেশি। কাজেই সংখ্যাটি ২০ থেকে ৩০-এর মধ্যে। একটি সংখ্যা অপর সংখ্যা যোগফল২১ ২১×৩ = ৬৩ ৮৪২২ ২২×৩ = ৬৬ ৮৮২৩ ২৩×৩ = ৬৯ ৯২২৪ ২৪×৩ = ৭২ ৯৬২৫ ২৫×৩ = ৭৫ ১০০কাজেই একটি সংখ্যা ২৫ এবং অপরটি ৭৫।ভাবলাম, কেন ১০ থেকে শুরু করেছে?‘প্রথমে ১ দিয়ে শুরু করব ভেবেছিলাম। পরে মনে হলো ১ থেকে ১০০-তে যেতে অনেকক্ষণ লাগবে, তাই ১০ দিয়ে শুরু করেছি।’আমি ওদের বললাম, ‘আমরা যেখান থেকে শুরু করি না কেন, শেষ পর্যন্ত আমরা ২৫ আর ৭৫-এ এসে পড়ব। যদি ২০ দিয়ে শুরু করে ২০ করে বাড়াতাম, তা হলে ২০-এর পর ৪০-এ গিয়ে টের পেতাম ১০০-এর বেশি হয়ে গেছে। আবার ২১ থেকে শুরু করতাম। কাজে তুমি কত থেকে শুরু করলে সেটা খুব গুরুত্বপূর্ণ নয়। ইচ্ছে হলে করে দেখতে পারো।’ আমার হাত থেকে খাতা নিয়ে রুবাই পরীক্ষা করতে লেগে গেল। তোমরাও এই হিসাবে নেমে পড়তে পারো। দেখবে যতভাবেই তুমি শুরু করো না কেন, শেষ পর্যন্ত ২৫-৭৫-এ এসে থামবে।তোমাদের সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক!