প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষের জীবনের মান পরিবর্তন করতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন নয়, প্রকৃত শিক্ষা অর্জন করতে হলে নানা ধরনের ব্যবহারিক জ্ঞান অর্জন আবশ্যক। গতকাল শনিবার ঢাকার ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে (ডিআইইউ) মাল্টিমিডিয়া টেকনোলজি অ্যান্ড ক্রিয়েটিভ আর্টস নামে নতুন একটি বিভাগের উদ্বোধন করে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ এসব কথা বলেন। পেশা হিসেবে মাল্টিমিডিয়া শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপনকালে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার বলেন, আমাদের দেশে মাল্টিমিডিয়ার ব্যবহার ও এ ক্ষেত্রে কাজের পরিধি বাড়ছে। সারা পৃথিবীতে যে বড় পরিবর্তন এসেছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে মাল্টিমিডিয়া। ডিআইইউয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খান বলেন, ‘বিভিন্ন দেশে মাল্টিমিডিয়া বিষয়ে পড়ালেখার মাধ্যমে তারা এ ক্ষেত্রে উন্নতি করছে। ’অনুষ্ঠানে ডিআইইউয়ের উপাচার্য লুৎফর রহমান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান সৈয়দ আকতার হোসেনসহ অনেকে বক্তৃতা করেন। —মোছাব্বের হোসেন