মাল্টিমিডিয়ায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে নতুন নতুন কাজের ক্ষেত্র। এর মধ্যে এমন অনেক কাজ আছে যেখানে নিজের স্বাধীনতা আছে, আছে সৃজনশীলতার প্রকাশ ঘটানোর সুযোগ। এ রকমই একটি কাজের ক্ষেত্র হলো তথ্যপ্রযুক্তির আউটসোর্সিং। সম্প্রতি আমাদের দেশের কর্মক্ষেত্রে নতুন এক সম্ভাবনা হিসেবে দেখা দিয়েছে আউটসোর্সিং। ঘরে বসে বিদেশের কাজ করে অর্থ উপার্জন করা যায় এই মাধ্যমে। অনেকেরই এই কাজের প্রতি আগ্রহ রয়েছে। আউটসোর্সিংয়ে অনেক ধরনের কাজ হয়ে থাকে। তথ্যপ্রযুক্তির নানা কাজের মধ্যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) বেশ জনপ্রিয়। একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের ফলাফলে জনপ্রিয় করে তোলার কৌশলগত কাজটিই হলো এসইও।যাঁরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করতে আগ্রহী, তাঁদের সহায়তার জন্য বেরিয়েছে একটি মাল্টিমিডিয়া সিডি। এটি বাজারে এনেছে আল-হেরা মাল্টিমিডিয়া। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ভিডিও টিউটরিয়াল নামের এই সিডিতে আছে দুটি ডিস্ক। এতে ভিডিও টিউটোরিয়ালের সাহায্যে দেখানো হয়েছে বিষয়টির নানা দিক। এসইও কী, এর প্রকারভেদ, গুরুত্ব, শুরু করার উপায় এতে দেওয়া হয়েছে। এসইওতে কি-বোর্ড ব্যবহারের কৌশল, জুমলা, ওয়ার্ড প্রেসসহ বিভিন্ন দিকে এসইওর ব্যবহার, কাজের ধরন ও কৌশল ভিডিও আকারে এই সিডিতে দেখানো হয়েছে। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে এবং ফ্রিল্যান্সিং বিপণন প্রক্রিয়ায় এসইওর ব্যবহার জানা যাবে এর মাধ্যমে। একটি ওয়েবসাইটকে জনপ্রিয় করতে ও প্রথম দিকে রাখতে এসইওর নানা ধরনের কৌশলগত ব্যবহার, যোগাযোগ বাড়ানোর উপায়সহ এসইওর নানা দিক ক্রমান্বয়ে দেখানো হয়েছে এই ভিডিও সিডিতে। একই সঙ্গে এসইওর জন্য বিশেষ পরামর্শও পাওয়া যাবে এই সিডিতে। আর ভিডিও টিউটোরিয়ালটি সম্পূর্ণভাবে বাংলায় দেখা ও শোনা যাবে। এই সিডির দাম ৫০০ টাকা। —মোছাব্বের হোসেন