বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল এবার কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর খোঁজার (সার্চ) মাসিক বিবরণ জানাবে। এ জন্য ব্যবহারকারীদের উপযোগী বিশেষ বৈশিষ্ট্য যোগ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে বিভিন্ন সেবার ক্ষেত্রে যে ব্যবহারকারীদের যে ধরনের কার্যক্রমের তথ্য লাগবে, তা জানা যাবে। তবে এ সুবিধা পেতে ব্যবহারকারীকে তার নিজস্ব অ্যাকাউন্টের মাধ্যমে লগ-ইন থাকতে হবে। এ তালিকার মধ্যে কোন কোন ওয়েবসাইটের তথ্য খোঁজা হচ্ছে, কোন অপারেটিং সিস্টেম থেকে ব্যবহূত হচ্ছে—এমন তথ্যও জানা যাবে। এর পাশাপাশি থাকছে কোন দেশ থেকে লগ-ইন করা হচ্ছে, তা জানার সুবিধা। শুধু যারা মাসিক এ রিপোর্টের জন্য আবেদন করবে, তাদের ই-মেইলে ওই তথ্য পাঠিয়ে দেওয়া হবে। এ সুবিধাটি অনেকটা গুগলের ড্যাশবোর্ডের মতো, যার মাধ্যমে গুগল পণ্যগুলোর তথ্যও জানতে পারবে আগ্রহীরা। গুগলের কোন পণ্যটি কেমন ব্যবহূত হচ্ছে, সে বিষয়টির হিসাবও জানা যাবে। অতি সম্প্রতি নিজেদের ইউজার পলিসি পরিবর্তন করে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য যুক্ত করছে গুগল। এর ফলে বিজ্ঞাপনদাতাদের যেমন তথ্য পেতে সুবিধা হবে, তেমনি বিজ্ঞাপনভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানও সমান সুবিধা পাবে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, গুগলের এ ধরনের উদ্যোগ ব্যবহারকারীদের যেমন সুবিধা দেবে, তেমনি গুগলও নিজেদের নানা ধরনের পণ্যগুলোর সার্বিক ব্যবহারের বিষয়টি সবাইকে জানাতে পারবে। তবে এসব ক্ষেত্রে ব্যবহারকারীদের সর্বোচ্চ সুবিধা প্রদানই মূল লক্ষ্য বলে জানিয়েছে গুগল। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম