মাস্তুল উঠেছে কিউরিওসিটির (ভিডিও)
মঙ্গলে অবতরণের দ্বিতীয় দিনে অ্যান্টেনা বা মাস্তুল খাড়া করেছে কিউরিওসিটি। মাস্তুলের সঙ্গে লাগানো নেভিগেশন ক্যামেরায় তুলতে শুরু করেছে মঙ্গলপৃষ্ঠের ছবি। ছবিতে কিউরিওসিটির বর্তমান অবস্থান গেইল কার্টারের ভূপৃষ্ঠ ও উত্তর প্রান্ত দেখা যাচ্ছে।৬ আগস্ট সোমবার বাংলাদেশ সময় বেলা ১১টা ৩২ মিনিটে মঙ্গলের মাটিতে অবতরণ করে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার বিজ্ঞানীদের পাঠানো কিউরিওসিটি মহাকাশযান। মঙ্গলে অবতরণের পর কিউরিওসিটির সব যন্ত্রাংশ ঠিকঠাক কাজ করছে কি না তা পরীক্ষা করে দেখছেন নাসার গবেষকেরা। প্রথম দিন কিউরিওসিটি মঙ্গলের তেজস্ক্রিয়া মাপতে আর যন্ত্রপাতি ঠিকঠাক কাজ করছে কি না, পরীক্ষা করে দেখেছে। মঙ্গলের দ্বিতীয় দিনে এ পরীক্ষার অংশ হিসেবেই কিউরিওসিটি মাস্তুল খাড়া করেছে। দ্বিতীয় দিনে কিউরিওসিটিকে মাস্তুলটি খাড়া করানোর নির্দেশ পাঠানোই প্রধান কাজ হিসেবে ধরে নিয়েছিলেন গবেষকেরা। প্রথম দফায় ব্যর্থ হলেও পরে তাঁরা সফল হয়েছেন। মাস্তুলটি কিউরিওসিটির ডেকের সঙ্গে ভাঁজ করে রাখা ছিল। পৃথিবী থেকেই গবেষকেরা এসব নির্দেশ পাঠাচ্ছেন।কিউরিওসিটির মাস্তুল খাড়া করার পর দেখা গেছে, মঙ্গলের মাটিতে মাস্তুলের ছায়া পড়েছে। দুই মিটার উঁচু এ মাস্তুলের ওপরের ক্যামেরাও চালু হয়েছে। মাস্তুলে দুই জোড়া সাদা-কালো নেভিগেশন ক্যামেরা রয়েছে। এ ক্যামেরায় স্টেরিও ছবি তুলে সে অনুসারে পথ চলতে পারবে কিউরিওসিটি। নেভিগেশন ক্যামেরাগুলো মাস্তুলের দুটি সায়েন্স ক্যামেরার পাশেই বসানো রয়েছে। কিউরিওসিটির আরেক পরিচয় হলো, এটি মার্স সায়েন্স ল্যাবরেটরি (এমএসএল), যা মঙ্গল গ্রহে বিভিন্ন পরীক্ষা চালাবে। মঙ্গলে নামার পর ধীরে ধীরে কাজ শুরু করছে কিউরিওসিটি। শিগগিরই শুরু করবে মঙ্গলের মাটি বিশ্লেষণের কাজ। গেইল কার্টারে অতীতে পানির অস্তিত্ব ছিল বলে মনে করেন গবেষকেরা। আর পানির অস্তিত্ব মানেই সেখানে প্রাণের সম্ভাবনা। মঙ্গলের গেইল কার্টারে দুই বছর অণুজীবের সন্ধান করবে কিউরিওসিটি; গেইল কার্টারের তলা থেকে এদের খোঁজে ধীরে ধীরে ওপরের দিকে উঠতে থাকবে।