ফ্যাশন ডিজাইনার মাহিন খান। তাঁর মেয়ে জাজিলা সালাম। আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে নবম শ্রেণীতে পড়ছে। দুুই প্রজন্মের এই মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা শোনা যাক

১. প্রিয় পোশাক?
মাহিন খান: শাড়ি প্রিয় পোশাক হলেও বেশির ভাগ সময় পাশ্চাত্য ঢঙের পোশাক পরা হয়। স্কার্ফ আমার অনেক ভালো লাগে।
মেয়ে: পাশ্চাত্য ঢঙের পোশাকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে ঈদের দিন বা পারিবারিক অনুষ্ঠানে সালোয়ার-কামিজও পরা হয়।
২. কোন ধরনের খাবার পছন্দ?
মাহিন খান: ইতালিয়ান খাবার আমার পছন্দ। দেশি খাবারের মধ্যে ভর্তা ভালো লাগে।
মেয়ে: গরুর মাংস, ভাত ও ডাল প্রিয় খাবার। তবে গরমে ঠান্ডাজাতীয় আর শীতে স্যুপ ভালো লাগে। রেস্তোরাঁয় খেতে গেলে পাস্তা বা স্টেক খাওয়া হয় বেশি।
৩. প্রিয় খেলা কোনটি?
মাহিন খান: ক্রিকেট খেলাই প্রিয়। বাংলাদেশের খেলা হলে সব সময় দেখা হয়।
মেয়ে: ফুটবল, বাস্কেটবল ও ভলিবল প্রিয়। মাঝেমধ্যে টেনিসও দেখা হয়। আমি নিজেও স্কুলে এসব খেলা খেলি।
৪. অবসরে কী করেন?
মাহিন খান: টেলিভিশনে খবর দেখি। বই, ম্যাগাজিন পড়ি। আজকাল অবশ্য ব্যায়ামও করি।
মেয়ে: ইন্টারনেট ব্রাউজ করি। বন্ধুদের সঙ্গে গল্প করি।
৫. রেগে গেলে কী করেন?
মাহিন খান: অন্যকে বোঝানোর চেষ্টা করি কেন আমি রেগে গিয়েছি। তারপর নিজেকে বোঝাই, এভাবে রেগে যাওয়া ঠিক নয়।
মেয়ে: চিত্কার করি। ঘরের দরজা বন্ধ করে নিজের মতো থাকি।
৬. কোথায় ঘুরতে ভালো লাগে?
মাহিন খান: যেখানে নদী আছে, সেখানেই ঘুরতে ভালো লাগে। এখন স্বামী ও সন্তানদের সঙ্গে থাইল্যান্ডে অনেক যাওয়া হয়।
মেয়ে: দেশের ভেতরে খুলনা, দিনাজপুর ও সিলেট ভালো লেগেছে। স্কুল থেকে শিক্ষা সফরে গিয়েছিলাম। অনেক ভালো লেগেছে। দেশের বাইরে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ড ভালো লাগে।
৭. চা কিংবা কফি, কোনটি পছন্দ?
মাহিন খান: চিনি ছাড়া দুধ-চা। মাঝেমধ্যে গ্রিন টি খাওয়া হয়। দেশের বাইরে গেলে ক্যাপুচিনো কফি খাই।
মেয়ে: আদা-চা ভালো লাগে।
৮. কোন ধরনের গান ভালো লাগে?
মাহিন খান: সব ধরনের গান শোনা হয়। কখনো জ্যাজ, কখনো ক্ল্যাসিক মিউজিক। আসলে বব মার্লে থেকে শুরু করে লেডি গাগা—সবই ভালো লাগে।
মেয়ে: ইনডি পপ, রক ধরনের গান শুনছি আজকাল।
৯. গ্যাজেটবান্ধব কতখানি?
মাহিন খান: খুব একটা না। প্রয়োজনের জন্য মোবাইল ফোন ও ল্যাপটপ ব্যবহার করি।
মেয়ে: নিত্যনতুন গ্যাজেট ভালো লাগে। মোবাইল ছাড়া আইপড, আইপ্যাড ও ম্যাকবুক এয়ার ব্যবহার করি।