মায়া ক্যালেন্ডারে বাড়ল পৃথিবীর আয়ু
গুয়েতেমালার প্রত্নতত্ত্ববিদেরা সম্প্রতি মায়া সভ্যতার সবচেয়ে প্রাচীন দিনপঞ্জি খুঁজে পেয়েছেন। প্রত্নতাত্ত্বিকদের দাবি, ছোট একটি ভবনের দেয়ালে সংরক্ষিত এই দিনপঞ্জিকা অনুসারে অতীত ও ভবিষ্যকাল হিসাব করা সম্ভব। এর আগে প্রত্নতাত্ত্বিকেরা যে দিনপঞ্জি আবিষ্কার করেছিলেন তাতে ২০১২ সালের ২১ ডিসেম্বরের পর আর কোনো দিন-ক্ষণের হিসাব ছিল না। তাই, এ দিনটি পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলে ধারণা করা হতো। কিন্তু সম্প্রতি খুঁজে পাওয়া এ দিনপঞ্জিটি সে ধারণাকে ভুল প্রমাণ করেছে।ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, নতুন দিনপঞ্জিকাটিতে পৃথিবীর উপগ্রহ চাঁদ, শুক্র ও মঙ্গলগ্রহের আবর্তনের সঠিক হিসাব রয়েছে বলেই গবেষকেরা ধারণা করছেন।এ প্রসঙ্গে বোস্টন ইউনিভার্সিটির গবেষক উইলিয়াম স্যার্টানো জানিয়েছেন, আমরা এই দিনপঞ্জির সাহায্যে মহাজাগতিক সময়ের বিশাল চক্র বোঝার চেষ্টা করছি। জুলটুন এলাকার এ ভবনটিতে মায়া সভ্যতার অধিবাসীরা সময়ের হিসাব করত। তাই এ স্থানটিকে বিখ্যাত চিত্রকর ভিঞ্চির শিল্পচর্চার স্থানের সঙ্গে তুলনা করা যায়। এই দিনপঞ্জিটি ৯ শতকেরও আগের হতে পারে। জানা গেছে, দেয়ালে দিনপঞ্জিকা ছাড়াও অন্যান্য মুরালের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা।