মায়াদের সংখ্যাব্যবস্থা
প্রাচীন সভ্যতাগুলোর ইউরোপকেন্দ্রিক ইতিহাসের বাইরে সবচেয়ে উল্লেখযোগ্য ও আকর্ষণীয় অংশগুলোর একটি হচ্ছে মায়া সভ্যতা। কলম্বাস-পূর্ব আমেরিকার ইতিহাসে এটিই একমাত্র সভ্যতা, যার একটি স্বতন্ত্র এবং সম্পূর্ণ লেখনীর ব্যবস্থা ছিল। শিল্প, স্থাপত্য, গণিত ও জ্যোতির্বিদ্যায় মায়াদের দখল ছিল অসামান্য। বর্তমান মেক্সিকো ও গুয়াতেমালা অঞ্চলের কাছাকাছি গড়ে ওঠা এই সভ্যতার স্বর্ণযুগ ছিল ২০০ থেকে ৯০০ খ্রিষ্টাব্দের মাঝের সময়টাতে। তবে এই সভ্যতার গোড়াপত্তন ২০০০ খ্রিষ্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে।নবম শতকের পর থেকেই মায়া সভ্যতার উৎকর্ষে ভাটা পড়ে। বিভিন্ন কারণে তাদের অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামো ভেঙে পড়তে থাকে। ষোল শতকের স্প্যানিশ আক্রমণে মায়া সভ্যতার চূড়ান্ত পতন ঘটে। সেই সময়ের আক্রমণগুলোয় স্প্যানিশ সেনাপতিদের নির্দেশে সব মায়া মন্দির ভেঙে ফেলা হয়, পুড়িয়ে দেওয়া হয় তাদের সব বই ও গ্রন্থাগার। এ কারণে মায়া সভ্যতা সম্পর্কে জানার পথ ইতিহাসবিদদের জন্য অনেকটাই রুদ্ধ হয়ে যায়। স্প্যানিশদের আক্রমণ থেকে বেঁচে যাওয়া যে অল্প কয়টি মায়া দলিল রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো Dresden Codex। এটিই মায়াদের জ্যোতির্বিদ্যা, সময় গণনাব্যবস্থা এবং তাদের গাণিতিক জ্ঞানের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেয়।খানিকটা ইতিহাস তো হলো, এবার মায়া সংখ্যাব্যবস্থার সঙ্গে পরিচিত হওয়া যাক। মায়াদের সংখ্যাব্যবস্থা ছিল একটি ২০ ভিত্তির সংখ্যাব্যবস্থা। অর্থাৎ, সংখ্যা লেখার জন্য তারা ২০টি ভিন্ন ভিন্ন চিহ্ন ব্যবহার করত।আসলে ভিন্ন ভিন্ন বলাটা বোধ হয় কিছুটা ভুল হবে। কারণ, সংখ্যাব্যবস্থা ২০ ভিত্তির হলেও সেখানে ৫-এর গণনার পুনরাবৃত্তির ধারণাটা ব্যবহার করা হয়েছে, যা ওদের ০-১৯ পর্যন্ত অঙ্কগুলো দেখলেই বোঝা যাবে (চিত্র-১)। ১ থেকে ৪ পর্যন্ত প্রতিটি সংখ্যার জন্য একটি, দুটি এভাবে চারটি বিন্দু দিয়ে সেটা প্রকাশ করা হতো। ৫ সংখ্যাটিকে প্রকাশ করা হতো একটি আনুভূমিক রেখাংশ দিয়ে। এর পরে আবার ৬ থেকে ৯ পর্যন্ত দেখানোর জন্য একটি দাগের ওপর উপযুক্ত সংখ্যক বিন্দু দিয়ে সেটা প্রকাশ করা হতো। ১০ এর জন্য দুটি দাগ দিয়ে লেখা হতো, পরের সংখ্যাগুলোও লেখা হতো একই নিয়মে।কোনো একটি সংখ্যাকে প্রকাশ করার জন্য তারা উপযুক্ত অঙ্কগুলোকে নিচ থেকে ওপরের দিকে সাজিয়ে লিখত। ধরা যাক, মায়া পদ্ধতিতে আমরা ৩৩ লিখতে চাই। ২০ ভিত্তিক সংখ্যায় এর প্রকাশ দাঁড়ায় ১×২০ + ১৩। এককের ঘরে (সবার নিচে) থাকবে ১৩ নির্দেশকারী প্রতীক (দুটি সমান্তরাল দাগের ওপর তিনটি বিন্দু), এর পরের ঘরে (অর্থাৎ এককের প্রতীকের ওপরে) ১ নির্দেশ করার জন্য একটি বিন্দু থাকবে। কোন সংখ্যাকে মায়া পদ্ধতিতে কীভাবে লেখা যেতে পারে, তার কয়েকটি সুন্দর উদাহরণ দেওয়া হলো চিত্র-২-এ।এখানে একটি উল্লেখযোগ্য ব্যাপার রয়েছে। যেকোনো স্থানীয় মানভিত্তিক সংখ্যাব্যবস্থায় এক ঘর থেকে অন্য ঘরের স্থানীয় মান সাধারণত ওই ভিত্তির সমান হারে বাড়তে থাকে। যেমন, আমাদের প্রচলিত দশমিক সংখ্যাব্যবস্থায় এককের ঘর থেকে দশকের ঘরে স্থানীয় মান ১০ গুণ হয়ে যায়। একইভাবে শতকের ঘরের স্থানীয় মান দশকের ঘরের ১০ গুণ। কিন্তু মায়াদের ব্যবস্থাটিতে একটি বড় ঘাপলা রয়ে গেছে। একদম নিচের তলায় থাকা প্রতীকের জন্য স্থানীয় মান হয় ১ গুণ। যেহেতু ২০ ভিত্তির সংখ্যাব্যবস্থা, পরের ধাপে সেটা হয় ২০ গুণ। কিন্তু দ্বিতীয় থেকে তৃতীয় ধাপে যাওয়ার সময় সেটা ২০ গুণ না বেড়ে বাড়ে ১৮ গুণ। অর্থাৎ তৃতীয় ঘরের স্থানীয় মান ২০×২০ = ৪০০-এর বদলে হয়ে যায় ২০×১৮ = ৩৬০। এর পরের ধাপগুলোতে কিন্তু পরিবর্তনটা ২০ গুণ করেই হয়। এই অদ্ভুত ব্যতিক্রমের কারণ নিয়ে দ্বন্দ্ব রয়েছে। তবে সাধারণভাবে ধারণা করা হয়, তাদের ক্যালেন্ডারের হিসাবের সঙ্গে মিলিয়ে বছরের হিসাবটা সহজে প্রকাশ করতে পারার জন্যই এই ব্যতিক্রম।মায়া সংখ্যাব্যবস্থার অত্যন্ত আকর্ষণীয় একটি দিক হলো শূন্যের ব্যবহার। একটি পূর্ণাঙ্গ স্থানীয় মানভিত্তিক সংখ্যাব্যবস্থার অংশ হিসেবে শূন্যের ব্যবহার করতে পারাটা মায়াদের অন্যতম কৃতিত্ব। মায়াদের শূন্য ছিল মূলত শূন্যস্থানজ্ঞাপক, অর্থাৎ অন্য কোনো অঙ্কের অনুপস্থিতি বোঝাতে সেটা ব্যবহার করা হতো। স্থানীয় মানভিত্তিক সংখ্যাব্যবস্থার তৃতীয় অবস্থানে হঠাৎ করেই ৩৬০ নিয়ে আসার ফলে মায়াদের ব্যবহার করা শূন্যটি আসলে কোনো ধরনের গাণিতিক অপারেশন করার যোগ্যতা হারায়। শূন্য বোঝাতে তারা সামুদ্রিক শামুকের মতো একটি চিহ্ন ব্যবহার করত। এটার একদম নির্দিষ্ট কোনো চেহারা ছিল না, তবে মোটামুটি একই রকম দেখতে চিহ্নই বিভিন্ন জায়গায় ব্যবহার করা হতো (চিত্র-৩)।কিছু প্রশ্ন স্বাভাবিক। কেন ২০ ভিত্তির সংখ্যা? এই পদ্ধতির সঙ্গে আগের কোনো সভ্যতার কোনো সংখ্যাপদ্ধতির সম্পর্ক আছে কি না? কিংবা এই পদ্ধতি থেকে পরবর্তী সময় পরিবর্তন হয়ে অন্য কোনো ধরনের সংখ্যাপদ্ধতির উদ্ভব হয়েছে কি না?১০ ভিত্তিক সংখ্যাপদ্ধতিতে ১০ সংখ্যাটি বেছে নেওয়ার সবচেয়ে জনপ্রিয় ব্যাখ্যাটি হলো, মানুষের ১০ আঙুল ব্যবহার করে গণনা করার প্রবণতা। এ ক্ষেত্রেও ব্যাখ্যাটা অনুরূপ, শুধু হাতের ১০ আঙুলের সঙ্গে পায়ের ১০ আঙুল যোগ হয়ে যাবে। এই পদ্ধতিটি পূর্ববর্তী কোনো পদ্ধতি থেকে অনুপ্রাণিত না হয়ে মায়াদের নিজস্ব হওয়ার সম্ভাবনাই বেশি। এর কারণ, মায়া সভ্যতার গোড়াপত্তন খ্রিষ্টপূর্বাব্দ ২০০০ সালের কাছাকাছি হলেও এর সঙ্গে অন্যান্য সভ্যতার সংমিশ্রণের সুনির্দিষ্ট প্রমাণ বিরল। বরং নিজস্ব পরিমণ্ডলে বুদ্ধিবৃত্তিক বিকাশের পথ ধরেই তাদের এই অর্জন।এখানে যে সংখ্যাপদ্ধতির কথা বলা হলো, সেটি মূলত ক্যালেন্ডারের হিসাব রাখা এবং জ্যোতির্বিদ্যা-সংক্রান্ত হিসাব করার কাজে ব্যবহূত হয়েছে। কোনো কোনো ঐতিহাসিক বলে থাকেন, এর বাইরেও মায়াদের অন্যান্য কাজে ব্যবহারের জন্য এক (বা একাধিক) সংখ্যাব্যবস্থা ছিল এবং সেগুলো সম্পূর্ণরূপেই স্থানীয় মানভিত্তিক (অর্থাৎ, সেখানে ৪০০-র বদলে ৩৬০ ব্যবহারের ঝামেলাটা আসলে নেই)। তবে প্রামাণিক দলিল না থাকায় এ ব্যাপারে সুনির্দিষ্ট মন্তব্য করা যায় না।গণিতের পরিমণ্ডলে মায়া সভ্যতার অর্জন ঈর্ষণীয়। একটি কার্যকর স্থানীয় মানভিত্তিক সংখ্যাব্যবস্থা, শূন্যের ধারণার শক্তিশালী গাণিতিক প্রয়োগ কিংবা অত্যন্ত নিখুঁত ক্যালেন্ডারের হিসাব—এ সবই মনে করিয়ে দেয় এক শান্তিপ্রিয় নিভৃতচারী সভ্যতার কথা, যেখানে মানবসত্তার মানবিক উৎকর্ষই ছিল মুখ্য।