
সন্তানের জন্মদান ও তাকে বড় করে তোলার ক্ষেত্রে মা ও বাবার গুরুত্ব একে অপরের পরিপূরক। কারও অবদান ছোট করে দেখা যায় না। কিন্তু তিনটি বাস্তবতা দুজনের ভূমিকার মধ্যে পার্থক্য নির্দেশ করে। মা সন্তানকে পেটে ধারণ করেন। তাই প্রাণের প্রথম স্পন্দন থেকেই সন্তানের সঙ্গে মায়ের দেহ-মন-প্রাণ-আবেগ-অনুভূতির সম্পর্ক এক সুতায় গাঁথা হয়ে যায়। জন্মের পর মায়ের দুধ সন্তানকে বাঁচিয়ে রাখে। তাই যত দিন পর্যন্ত মা শিশুকে বুকের দুধ খাওয়ান, তত দিন সাধারণত আবার সন্তানধারণ বন্ধ থাকে। কোলের শিশু মোটামুটি শক্ত-সমর্থ হয়ে ওঠার জন্য কিছু সময় দরকার বলেই প্রকৃতির এটা নিজস্ব ব্যবস্থা। আর শেষ কথাটি হলো, সাধারণত ৫০ বছর বয়সের পর মায়ের গর্ভধারণ বন্ধ হয়ে যায়। এর অর্থ, তিনি নিজের সন্তানদের মোটামুটি বড় করে তুলতে মনোনিবেশ করবেন। এবং দেখা গেছে, মায়েদের গড় আয়ু বাবাদের চেয়ে বেশি। কারণ, সন্তান ও নাতিপুতিদের ভালোমন্দ দেখার জন্য মা ছাড়া আর কে আছে? তাই মায়েদের একটু বেশি বাঁচতে হয়।