মায়ের দোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

ছেলের বউয়ের পীড়াপীড়িতে অবশেষে অস্ট্রেলিয়া যেতে হলো। বড় ছেলের সমাবর্তন। মেলবোর্নের ডিকিন বিশ্ববিদ্যালয় থেকে সে পিএইচডি শেষ করেছে। সেখানে মাকে দেখতে চায়। তো অগত্যা কী আর করা। যাওয়ার জন্য তৈরি হয়েছি। এর মধ্যে মেলবোর্ন থেকে বড় বউমার ফোন, ‘মা, আপনাকে স্বাগত জানাতে পুরো মেলবোর্নবাসী প্রস্তুত।’ শুনে আমি হাসি। বউমা আর কত রসিকতা করবে।
প্রায় ১৮ ঘণ্টা বিমানে চড়ে যখন মেলবোর্ন পৌঁছালাম, বুঝলাম বউমা খুব মিথ্যে কথা বলেনি। আমি যাওয়ার পর থেকে আমাকে দেখতে একে একে মানুষজন আসতে শুরু করল। কেউ ডাকছে আন্টি, কেউ খালাম্মা। দাওয়াত আসছে একের পর এক। যদি না করি, ওরা সঙ্গে সঙ্গে বলে আমি গাড়ি নিয়ে আসছি, আবার দিয়ে যাব। ওদের সবাই একেকজন বিশ্ববিদ্যালয়ে পড়ায়, কেউ ব্যাংকে চাকরি করে। একেকটা রত্ন। প্রবাসী বাঙালিরা এত আন্তরিক হয় জানা ছিল না।
আমি কি এত ঘোরাঘুরি করতে পারি? তাই ছেলে বুদ্ধি করে বলল, যাঁরা যাঁরা আম্মাকে দেখতে চান, এখানে এসে দেখে যান। আম্মার তো বয়স হয়েছে। এত ঘোরাঘুরি কীভাবে করবেন? কেউ এসে বলে, খালাম্মা মাথায় হাত দিয়ে দোয়া করে দেন। কেউ পা ছুঁয়ে সালাম করে।
একদিন দেখি দুই অস্ট্রেলিয়ান মহিলা ফুল নিয়ে আমার ছেলের বাসায় হাজির। ফুল এনেছে আমার জন্য। তারা বউমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু। আমাদের ভাষা বোঝে না। কিন্তু কত আন্তরিকতা ওদের।
অচেনা একটা নারীর জন্য কেন এত ভালোবাসা, সম্মান ওদের? তখন বুঝতে পারিনি। এখন দেশে ফেরার পর বুঝতে পারি, আমার মধ্যে ওরা হয়তো নিজেদের মায়ের ছায়া দেখতে পেয়েছিল। জানি না এই মানুষগুলোর সঙ্গে আর দেখা হবে কি না। যত দিন বাঁচি, ওদের প্রতি আমার আন্তরিক দোয়া ও আশীর্বাদ।
গুলনাহার বেগম
চট্টগ্রাম