মিউজিক ভিডিও দেখার সুবিধা দিচ্ছে ইউটিউব

চুক্তিভিত্তিক নির্দিষ্ট অর্থের বিনিময়ে গান শোনার সেবা প্রদানকারী স্পটিফাই সেবার মতো এবার ইউটিউবে চালু হচ্ছে মিউজিক ভিডিও দেখার সুবিধা। এর মাধ্যমে আগ্রহীরা বিজ্ঞাপনযুক্ত সাম্প্রতিক সময়ে প্রকাশিত মিউজিক ভিডিও দেখতে পারবেন বিনা মূল্যেই। তবে বিজ্ঞাপন ছাড়া মিউজিক ভিডিও দেখার সুবিধা পেতে হলে খরচ করতে হবে ১০ ডলার। এ ক্ষেত্রে মিউজিক ভিডিওর সব সেবাই পাবেন ব্যবহারকারীরা। আর বিলবোর্ডের শীর্ষ তালিকায় থাকা বিভিন্ন মিউজিক ভিডিওর সুবিধা এতে যুক্ত থাকবে। চাইলে যে কেউ নির্দিষ্ট একটি গান অথবা পুরো অ্যালবামের সব গানই শুনতে পারবেন। তবে এ ধরনের সুবিধা ইতিমধ্যে স্পটিফাই, ডেজার, লাস্ট ডট এফএম দিচ্ছে, যেখানে এসব সেবার মিউজিক লাইব্রেরিতে রয়েছে লাখো গান। ইউটিউব কর্তৃপক্ষ জানায়, তারা সব সময় চায় গ্রাহকদের আরও উন্নত পদ্ধতিতে সেবা দিতে। এ জন্য বিভিন্ন সহযোগীর সঙ্গেও কাজ করতে আগ্রহী তারা। এরই অংশ হিসেবে আসছে নতুন এই সেবা।
এর আগে ইউটিউব বিবিসির প্লেলিস্টার সেবার মাধ্যমে বিবিসি রেডিও স্টেশন থেকে অনলাইনের সাহায্যে শোনার ব্যবস্থা চালু করেছিল। এতে শ্রোতারা ব্যক্তিগত অনলাইন প্লেলিস্টে পছন্দের অনুষ্ঠান শুনতে পারেন। শুধু ভিডিওই নয়, এর পাশাপাশি গ্রাহকেরা যাতে আরও নানা ধরনের সেবা সহজে পেতে পারেন, সে বিষয়ে নানা ধরনের কাজ করছে ইউটিউবের মালিক গুগল। জিমেইলের একই অ্যাকাউন্টের সাহায্যে গুগলের সব সেবা যাতে ব্যবহারকারীরা পেতে পারেন, সে জন্যও বিশেষ ব্যবস্থা চালু করেছে গুগল কর্তৃপক্ষ। ইউটিউবের সেবাগুলো যাতে ব্যবহারকারীরা সহজে স্মার্টফোনেই পেতে পারেন, সে জন্য এবার নতুন এ সাবস্ক্রিপশন পদ্ধতি চালু করা হলো। —দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম